কায়রোর পুলিশ সদরদপ্তরে বোমা হামলা, নিহত ৪
মিশরের রাজধানী কায়রোর কেন্দ্রীয় এলাকায় পুলিশ সদর দপ্তরের কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৪ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হযেছে দপ্তর ভবনটিও। শুক্রবার সকালে এ বোমা হামলার কয়েকঘণ্টা পর আরো দুটি বোমা বিস্ফোরণে প্রকম্পিত হয় রাজধানী।
কায়রোর আরেকটি এলাকায় বিস্ফোরণে এক পুলিশ নিহত এবং ৯ জন আহত হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।কয়েকটি নিরাপত্তা সূত্র জানায়, এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর একটি যানের পাশ দিয়ে যাওয়ার সময় হাত গ্রেনেড ছুড়ে মারে।ওদিকে, কায়রোর উপকণ্ঠে গিজায় একটি পুলিশ স্টেশনের কাছে তৃতীয় আরেকটি বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণে হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।প্রথম বোমা বিস্ফোরণের ঘটনায় তিন পুলিশ নিহত হওয়ার কথা জানিয়েছে নিরাপত্তা সূত্রগুলো। রাষ্ট্রীয় টিভি কায়রোর গভর্নরের উদ্ধৃতি দিয়ে এ হামলায় ৫০ জন আহত হওয়ার কথা জানায়।বিস্ফোরণের পরপরই গুলির শব্দ শুনেছেন রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক।মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বিস্ফোরণের পর বন্দুকধারীরা পুলিশ সদর দপ্তর লক্ষ্য করে গুলিবর্ষণ করে।গত জুলাইতে মুসলিম ব্রাদারহুডের নেতা প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিশরীয় নিরাপত্তা বাহিনীগুলোর ওপর হামলা জোরদার করেছে ইসলামি জঙ্গিরা।
