এনএসএ নজরদারির বৈধতা আবারো প্রশ্নবিদ্ধ
বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের ব্যক্তিগত মোবাইল কলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গণহারে নজরদারিরকে নতুন করে অবৈধ বলেছে দেশটির একটি স্বাধীন পর্যবেক্ষক সংস্থা।
নজরদারির মূল উদ্দেশ্য হিসেবে সন্ত্রাসবাদ দমনের কথা বলা হলেও একাজে তা তেমন কার্যকর ভূমিকা রাখে না বলেও মত দিয়েছে সাবেক বিচারকদের নিয়ে গঠিত ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে কাজ করা এই সংস্থাটি।বিবিসি জানায়, এর আগে দেশটির একটি আদালত ও গণমাধ্যম এনএসএ’র নজরদারির কাজ নিয়ে প্রশ্ন তুলেছে। গত ডিসেম্বরে নজরদারি কর্মসূচিকে অসাংবিধানিক এবং অবৈধ বলে রায় দেন এক কেন্দ্রীয় বিচারক।এবার এনএসএ’র নজরদারি কর্মসূচিকে ফের ‘অবৈধ’ বলে তা বন্ধ হওয়া উচিত বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা ‘দ্য প্রাইভেসি এন্ড সিভিল লিবার্টিস ওভারসাইট বোর্ড’(পিসিএলওবি)। বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে তিনজনই নজরদারির বন্ধের পক্ষে মত দেন।গত সপ্তাহে এনএসএ’র কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের অবস্থান জানাতে গণমাধ্যমের সামনে আসেন। পরে জার্মানির একটি বেসরকারি টিভিকে দেয়া সাক্ষাতকারেও এনিয়ে কথা বলেন তিনি।ওবামা গণমাধ্যমগুলোকে জানান, তিনি এধরনের নজরদারি সীমিত করার পক্ষে। তবে যুক্তরাষ্ট্রের ওপর হামলা ঠেকাতে এধরনের কাজের যৌক্তিকতাও আছে।বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের ব্যাপক নজদারির ঘটনাটি প্রথমে গণমাধ্যমের কাছে ফাঁস করেন দেশটির গোয়েন্দা বিভাগ সিআইএ’র সাবেক কর্মচারি এডওয়ার্ড স্নোডেন, যিনি পরে এনএসএ’র নজরদারি কাজেও দায়িত্বপালন করেছিলেন।ঘটনা ফাঁসের পর স্নোডেন ভিনদেশে পালিয়ে যান। তবে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রের এ ধরনের নজরদারির তীব্র সমালোচনা আসতে থাকে।এনএসএ’র বিতর্কিত এ কর্মসূচি নিয়ে পিসিএলওবি তাদের সর্বশেষ পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করল।ইতোপূর্বে ওয়াশিংটন তাদের নজরদারি কাজের পক্ষে সাফাই গেয়ে বলেছিল- ‘মেটাডেটা’ নামক এ নজরদারি কর্মসূচি জর্জ ডব্লিউ বুশ এর শাসনামলে প্রণীত স্বদেশ নিরাপত্তা আইন (পেট্রিয়ট অ্যাক্ট) অনুযায়ী সঠিক।‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ জানায়, পিসিএলওবির তিনজন প্রতিনিধি মনে করেন সরকার পেট্রিয়ট অ্যাক্টের দোহাই দিলেও সেই আইনেও এধরনের নজরদারি পুরোপুরি সমর্থনযোগ্য না। অর্থাৎ, এক্ষেত্রে বড় ধরনের আইনি ফাঁক আছে।নিরাপত্তা সংস্থার ওই পদক্ষেপ ব্যক্তি নিরাপত্তা ও ব্যক্তি স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি। সাংবিধানিকভাবেও এনিয়ে প্রশ্ন আছে। প্রতিবেদনের শেষভাগে সরকারকে এধরনের পদক্ষেপ বন্ধ করার পরামর্শ দেয় সংস্থাটি।তবে পর্যবেক্ষক দলের মধ্যে ভিন্নমত পোষণকারী অপর দুই সদস্যের মতে এই কাজের বৈধতা জানতে আদালতের শরণাপন্ন হওয়া উচিত। ভিন্নমতের দুই পর্যবেক্ষকই বুশ প্রসাশনের সময়কার সরকারি কৌসুঁলি ছিলেন।
