২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ইসলামপন্থিদের এক হওয়ার আহ্বান জাওয়াহিরির

সিরিয়ার ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠীগুলোকে নিজেদের মধ্যে হানাহানি থামিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরি।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 06:04 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

সম্প্রতি ইসলামিক ওয়েবসাইটে প্রকাশিত এক অডিও বার্তায় তিনি বিদ্রোহীদেরকে নিজেদের বিরোধ মেটাতে প্রয়োজনে একটি বিচার বিভাগীয় কমিটি গঠনেরও পরামর্শ দেন।সিরিয়ায় প্রায় আড়াই বছরের গৃহযুদ্ধ অবসানে যখন সুইজারল্যান্ডে জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তি আলোচনা চলছে ঠিক তখনই আসাদ বিরোধী লড়াইয়ে আবার সংগঠিত হতে ইসলামপন্থি বিদ্রোহী পক্ষগুলোকে এ আহ্বান জানালেন জাওয়াহিরি।আল কায়েদার মধ্যপ্রাচ্য শাখা ‘ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ট’ (আইএসআইএল) সিরিয়ায় আসাদ বিরোধী যুদ্ধে অংশ নিয়েছে। তবে আকারে ছোট কিন্তু শক্তিশালী এই গোষ্ঠীটি অন্যসব ইসলামপন্থি বিদ্রোহীদের সঙ্গে কর্তৃত্ব ও যুদ্ধক্ষেত্র নিয়ে সংঘাতে জড়িয়ে এখন প্রায় কোণঠাসা।রয়টার্সের খবরে বলা হয়, অডিও বার্তায় জাওয়াহিরি পাঁচ মিনিটের বক্তব্য রাখেন।এতে তিনি বলেন, “অন্তর্ঘাত আমাদেরকে যে কোথায় নিয়ে যাবে তা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আমি সব জিহাদি ভাইকে অন্তর্ঘাতের পথ ছেড়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”রয়টার্স এ বার্তার সত্যতা নিশ্চিত করতে না পারলেও অডিও বার্তার কণ্ঠটি হুবহু জাওয়াহিরির বলেই দাবি করেছে।আল কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা গ্রুপ ছাড়াও তুলনামূলক ধর্মনিরপেক্ষ কিন্তু ইসলাম ধর্মের প্রতি সহানুভূতিশীল আরো কয়েকটি বিদ্রোহী দল সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার যুদ্ধে অংশ নিচ্ছে।এ যুদ্ধে এক লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস’।