সিরীয় শান্তি আলোচনায় মুখোমুখি দুই শত্রুপক্ষ
তিন বছর ধরে চলা গৃহযুদ্ধ অবসানে সুইজারল্যান্ডে আয়োজিত আন্তর্জাতিক শান্তি আলোচনায় প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে সিরিয়া সরকার ও তাদের শত্রুপক্ষ বিরোধীরা। দুপক্ষকে আলোচনায় বসানোর জন্য বিশ্বশক্তিগুলো বহুদিন ধরেই চেষ্টা করে আসছিল।
বুধবার সুইজারল্যান্ডের মন্ট্রিয়ায় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাতিসংঘের উদ্যেগে আয়োজিত সিরীয় শান্তি আলোচনা শুরু হয়।জাতিসংঘের তত্ত্বাবধানে জেনেভা হ্রদের তীরের একটি হোটেলে প্রথমদিন আনুষ্ঠানিক বক্তব্যের মধ্য দিয়ে শান্তি আলোচনা শুরু হয়েছে। তবে এই শান্তি সম্মেলনকে ঘিরে তেমন কোনো উচ্চাশা বিরাজ করছে না।আলোচনায় যোগ দেয়া সিরিয়ার ইসলামি বিদ্রোহীরা পশ্চিমা সমর্থিত বিদ্রোহী গোষ্ঠিগুলোকে বেঈমান বলে চিহ্নিত করেছে, তারা এমনকি ওই সব বিদ্রোহী গোষ্ঠিগুলোকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতিনিধিদের সমপর্যায়ের বলেই বিবেচনা করতে চায়।প্রায় তিন বছর ধরে প্রেসিডেন্ট আসাদের শাসনের বিরুদ্ধে লড়াই করছে সিরিয়ার বিদ্রোহীরা। মূলত শিয়া-সুন্নি ভিত্তিক এ লড়াইয়ে সিরিয়ার শিয়া-সুন্নি প্রতিবেশীরাও কমবেশি জড়িয়ে পড়েছে। এতে পুরো মধ্যপ্রাচ্যজুড়েই অস্থিরতা ছড়িয়ে পড়েছে।এদিকে জতিসংঘের মহাসচিব বান কি মুন সিরিয়ার মিত্র ইরানকে এই শান্তি আলোচনা শুরুর আগে শেষ মূহুর্তে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু বিরোধীরা আলোচনা বন্ধের হুমকি দিলে ২৪ ঘণ্টার মধ্যে ওই আমন্ত্রণ প্রত্যাহার করে নেন।সিরিয়া বিষয়ে পশ্চিমা বিশ্ব ও যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব সিরিয়ার সরকার বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনকে সমর্থন করে। যেখানে রাশিয়ার সমর্থন বাশার আল আসাদ সরকারের প্রতি।
এছাড়া মধ্যপ্রাচ্যে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে জাতিগত দাঙ্গাও এই আলোচনায় প্রভাব ফেলবে। গৃহযুদ্ধে সুন্নি আরবরা সিরিয়ার বিদ্রোহীদের এবং প্রধানত শিয়া নেতৃত্বাধীন সরকার আসাদ বাহিনীকে সমর্থন করছে।আলোচনার শুরুতে সিরিয়ার সরকারী বাহিনীর হাতে বন্দিদের নির্যাতন ও হত্যার কয়েক হাজার ছবি দেখানো হয়। এ সময় বিরোধীরা আসাদকে অবশ্যই প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে এবং যুদ্ধাপরাধের দায়ে বিচারের মুখোমুখি করার দাবি জানায়।এদিকে আসাদের দাবি পুননির্বাচন হলে তিনি জিতবেন এবং তিনি ‘সন্ত্রাসের’বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারে আলোচনা করতে চান।সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়ালেম ভবিষ্যতে আসাদের সঙ্গে আর কোনো আলোচনার সম্ভাবনা বাতিল করে দিয়ে বলেন, “প্রেসিডেন্ট ও সরকার নিয়ে আলোচনা আমাদের ও সিরিয়ার জনগণের জন্য বিপজ্জনক এবং এটা আমাদের আওতার বাইরে থাকবে।”
সিরিয়ার বার্তা সংস্থঅ এসএএনএ মুয়ালেমের বরাত দিয়ে এ সংবাদ জানিয়েছে। দামেস্কের আসাদ সরকারের কূটনীতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী মুয়ালেম।সিরিয়ায় গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখ ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। রক্তক্ষয়ী এই যুদ্ধ বন্ধের জন্য দ্রুত একটি ব্যবস্থ গ্রহণে একমত হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার এ ব্যাপারে টেলিফোনে ‘কার্যকর’আলোচনা করেছেন বলে জানিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো।এছাড়া এ ব্যাপারে আলোচনার জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ মন্ট্রেয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
