সিরিয়ার বিরুদ্ধে বন্দি নির্যাতন, হত্যার অভিযোগ
সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলন শুরুর পর থেকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রশাসন ১১ হাজার বন্দিকে নির্যাতন চালিয়ে এবং মৃত্যুদণ্ড দিয়ে হত্যা করেছে। যুদ্ধাপরাধ বিষয়ক তিন সাবেক কৌঁসুলির একটি প্রতিবেদনে এর সুষ্পষ্ট প্রমাণ পাওয়ার দাবি করা হয়েছে।
এই বন্দিদের ওপর ধারাবাহিক নির্যাতন এবং হত্যার স্পষ্ট প্রমাণ সম্বলিত প্রায় ৫৫ হাজার ছবি প্রকাশ করেছেন সিরিয়ার সরকারপক্ষ ত্যাগ করা সামরিক পুলিশের এক ফটোগ্রাফার।
তার দায়িত্ব ছিল মৃতদেহের ছবি তোলা। বন্দিদেরকে মৃত্যু পরোয়ানা দেয়া এবং তাদের মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে তাদের ফটোগ্রাফির দায়িত্ব দেয়া হয়েছিল।
তদন্ত দলকে ওই ফটোগ্রাফার বলেন, “একজনকে হত্যা করতে ১৫ থেকে ৩০ মিনিট নেয়া হত এবং প্রতিদিন অন্তত ৫০ জনের মৃতদেহের ছবি তুলতে হত।”
ছবিতে এসব মৃতদেহের অনেকগুলোতেই নির্যাতনের নানা চিহ্ন দেখা গেছে। এসব ছবি যাচাই-বাছাই করেই প্রতিবেদনটি তৈরি করেছেন তিন কৌঁসুলি।
বন্দিদের ওপর সিরিয়া সরকারি বাহিনীর এ নির্যাতন এবং হত্যাকাণ্ড সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কনসেনট্রেশন ক্যাম্পগুলোতে হত্যাযজ্ঞের সমতুল্য বলে মন্তব্য করেছেন তারা।
ফাঁস হয়ে যাওয়া এসব তথ্যপ্রমাণের ভিত্তিতে সিরিয়ার কর্মকর্তারা যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হতে পারেন বলে জানিয়েছেন কৌঁসুলিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, হত্যা, নির্যাতনের ঘটনায় সিরিয়া সরকারের এজেন্টদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে দামেস্ক নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে।
সিরিয়া সঙ্কট নিয়ে সুইজারল্যান্ডে শান্তি আলোচনা শুরুর একদিন আগে এ প্রতিবেদন প্রকাশ পেল।
এতে করে সিরিয়ার শাসকগোষ্ঠীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে সমস্ত তথ্য পাওয়া গেছে তার সপক্ষে আরো জোরাল প্রমাণ মিলল। ফলে সিরিয়ার শাসকগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের সপক্ষে প্রমাণও আরো জোরাল হল।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার নিজ জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছেন বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্রদেশগুলো।
এখন বন্দি নির্যাতন ও হত্যার সর্বসাম্প্রতিক প্রমাণগুলোতে আসাদের ওপর চাপ আরো বাড়ল।
