পুলিশের সঙ্গে সংঘর্ষে কেজরিওয়াল সমর্থকরা
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমর্থকরা রাজপথে অবস্থানের দ্বিতীয় দিনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
দিল্লির রাজপথে কম্বলমুড়ি দিয়ে মুখ্যমন্ত্রীর এক রাত
হ্যাঁ, আমি নৈরাজ্যবাদী: কেজরিওয়াল
এনডিটিভি জানায়, মঙ্গলবার ভারতের নতুন রাজনৈতিক দল আম আদমি পার্টির (এএপি) কর্মীরা সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যায়। এ সময় ইটপাটকেল ছোঁড়াছুড়ির ঘটনাও ঘটে।দায়িত্বে অবহেলার অভিযোগে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত না করায় আগের দিন সকাল থেকে দিল্লি গেইটের কাছে ছয়জন মন্ত্রীসহ অবস্থান কর্মসূচিতে বসেছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। স্থানীয় ভাষায় ওই আন্দোলনকে বলা হয় ধর্না।সরকার বিভিন্নভাবে অবস্থানস্থলে লোকসমাগম ঠেকানোর চেষ্টা করলেও রাস্তাতেই রাত পার করেন দুর্নীতির বিরুদ্ধে সরব এই তরুণ নেতা।দাবি আদায়ের লক্ষ্যে কেজরিওয়াল ১০ দিনের ‘ধর্নায়’ দিল্লিবাসীকে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।এনডিটিভির খবরে বলা হয়, মঙ্গলবার হাজার হাজার স্লোগানমুখর বিক্ষোভকারী কেজরিওয়ালের ধর্নাস্থলের দিকে এগিয়ে যেতে থাকে। তারা পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে গেলে পুলিশ তাদের ওপর লাঠি চার্জ করে। এতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়।সংঘর্ষে বিক্ষোভকারীদের সঙ্গে চার পুলিশও আহত হয়েছে। পরে এক বিবৃতিতে এএপি দাবি করে, অন্য দলের নেতাকর্মীরা তাদের কর্মসূচিতে অনুপ্রবেশ করেছে।
সকালে কেজরিওয়াল গণমাধ্যমকে বলেন, “আমি ১০ দিনের জন্য ধর্নায় বসেছিলাম। তবে এখন কর্মসূচি অনির্দিষ্ট সময়ের জন্য চলবে বলে ঘোষণা দেয়ার সময় এসেছে। সরকার যদি ২৬ জানুয়ারির মধ্যে দাবি মেনে না নেয় তবে আমরা লাখ লাখ মানুষের জমায়েত দিয়ে রাজপথ অচল করে দেব।”
