২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থার কথা ভাবছে থাই সরকার

থাইল্যান্ডে জরুরি অবস্থা জারির কথা খুবই গুরুত্বের সঙ্গে ভেবে দেখছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2014, 07:00 PM

Updated : 01 Sep 2026, 06:03 PM

দু’ মাসেরও বেশি সময় ধরে রাজধানী ব্যাংককে সরকার পতনের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সপ্তাহান্তে সহিংসতার পর এ পদক্ষেপ নেয়ার কথা সরকার ভাবছে বলে সোমবার জানিয়েছেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা।

থাই জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান পারাদ্রোন পাথানতাবুতোর প্রধানমন্ত্রী ইংলাকের সঙ্গে বৈঠকের পর রয়টার্সকে বলেন, “আমরা জরুরি ডিক্রি জারি করতে প্রস্তুত। পুলিশ, সেনাবাহিনী এবং সরকার এ বিকল্পটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখছে। তবে এখনো এ ব্যাপারে ঐকমত্য হয়নি।”

“বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি অফিস অবরোধের কর্মসূচি নিয়েছে। এ পর্যন্ত তারা প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করেছে। সরকারি অফিসগুলোতে হানা দিয়ে পরে সেখান থেকে চলে গেছে তারা”।

“কিন্তু বিক্ষোভকারীরা তাদের কৌশল বদলিয়ে ব্যাংক এবং সরকারি কার্যালয়গুলো স্থায়ীভাবে দখল করলে অস্থিরতার আশঙ্কা বাড়বে এবং তখন আমাদেরকে এ আইন জারি করতে হবে,” বলেন পাথানতাবুতোর।

জরুরি অবস্থা জারি হলে নিরাপত্তা সংস্থাগুলো কারফিউ জারি করাসহ সন্দেহভাজনদেরকে কোনো অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করা, গণমাধ্যমে কড়াকড়ি করা, ৫ জনের বেশি মানুষের রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করার মতো নানা ক্ষমতা পেয়ে যায়।

ব্যাংককের বিক্ষোভে মানুষের ঢল কমলেও ১৮ টি এলাকায় ছোটখাট বিক্ষোভ চলছে। সাম্প্রতিক দিনগুলোতে থাইল্যান্ডের বিক্ষোভস্থলগুলোতে সহিংস তৎপরতার খবর আসছে।

প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সংযত থাকার আহ্বান জানানোয় নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলেছে।

কিন্তু সংবাদদাতারা বলছেন, থাইল্যান্ডে সরকার বিরোধী ও সমর্থক দুপক্ষেই সশস্ত্র গোষ্ঠী আছে। সহিংস তৎপরতা চালাতে উন্মুখ হয়ে আছে তারা।

থাইল্যান্ড সরকারের পদত্যাগের দাবিতে দেশটিতে ব্যাপক আন্দোলন চলছে। আন্দোলনকারীরা ব্যাংকককে প্রায় অবরুদ্ধ করে ফেলেছে এবং সঙ্কটের আপাত সমাধান দেখতে পাওয়া যাচ্ছে না।

সরকার বিরোধীরা আগামী ২ ফেব্রুয়ারি নির্বাচন বর্জনে অটল রয়েছে। তারা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবি নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।