`অশুভ আত্মা’ তাড়াতে ২ সন্তানকে খুন করলেন মা
‘অশুভ আত্মা’ তাড়াতে গিয়ে যুক্তরাষ্ট্রের এক নারী তার দুই শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
সিএনএন জানায়, এ ঘটনায় ওই নারীর আরো দুই ছেলে-মেয়ে আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের মন্টগোমারি কাউন্টি পুলিশ এক বিবৃতিতে জানায়, নিহত শিশুদের মা জাকিয়া এল. আভেরির (২৮) বিরুদ্ধে পরিকল্পিত হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় আরেক নারীর বিরুদ্ধেও হত্যার অভিযোগ আনা হয়েছে। তিনি ওই পরিবারের সঙ্গে জড়িত নন। তবে তারা দুজনই ম্যারিল্যান্ডের জার্মানটাউন এলাকার বাসিন্দা।
দুই নারীই জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, তারা ‘অশুভ আত্মা’ তাড়ানোর কাজ করার মধ্যে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হল- নোরেল হ্যারিস (১) ও তার বড় বোন জিয়ানা হ্যারিস (২)।
তাদের ৫ ও ৮ বছর বয়সী দুই ভাই-বোনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্টগোমারির পুলিশ প্রধান টম ম্যাঙ্গের বলেন, “এ ধরনের ঘটনা হৃদয় বিদারক। হতাহতদের পরিবার এবং বন্ধুদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।”
পুলিশের বিবৃতিতে বলা হয়, স্থানীয় এক ব্যক্তির ফোন পেয়ে শুক্রবার সকালে ওই নারীর বাড়িতে গিয়ে দুই শিশুর মৃতদেহ এবং দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
বাড়িতে দরজা খোলা একটি গাড়ি এবং তার সামনে একটি ছোরা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন ওই প্রতিবেশি।
