থাইল্যান্ডে নিরপেক্ষ ভূমিকায় অটল সেনাবাহিনী
থাইল্যান্ডে চলমান রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে সরকার ও সরকার-বিরোধী আন্দোলনকারীদের একসঙ্গে বসে একটি সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান থানাসাক পাতিমাপাকর্ন।
শনিবার সেনা দিবসের প্যারেডের পর গণমাধ্যমের সামনে তিনি বলেন, “নিজেদের দেশের সুরক্ষার জন্য এখন আমাদের সকলের পরস্পরকে সাহায্য করা প্রয়োজন।”“সরকার ও সেনাবাহিনীর মধ্যে স্বাভাবিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। আমাদের আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। আমি নিজে আইনের প্রতি এবং সব পক্ষের প্রতি শ্রদ্ধাশীল। আমি সব পক্ষকে অনুরোধ করছি তারা যেন এক সঙ্গে বসে আলোচনার মাধ্যমে এই সমস্যার একটি সমাধান খুজে বের করেন।”এছাড়া দৈনিক দ্য ব্যাংকক পোস্ট বিশেষভাবে একটি তথ্য দিয়েছে। তারা থানাসাকের বরাত দিয়ে প্রকাশ করেছে, থানাসাকের নিজের প্রধানমন্ত্রী হওয়ার কোনো আগ্রহ নেই এবং তিনি থাইল্যান্ডের চলমান সমস্যা সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করতে চান না।থাইল্যান্ডের বর্তমান রাজনৈতিক সংকট সমাধানে সেনাবাহিনী দৃশ্যপটে প্রবেশ করতে পারে বলে গুঞ্জন আছে, যদিও সেনাবাহিনী বরাবর তা উড়িয়ে দিয়েছে।দক্ষিণ-পূ্র্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির ৮১ বছরের ইতিহাসে সেনাবাহিনী ১৮ বার অভ্যূত্থান ঘটিয়েছে বা ঘটানোর চেষ্টা করেছে। তবে এবার তারা নিরপেক্ষ থাকার চেষ্টা করছে।রোববারও সুথেপ থাউগসুবানের নেতৃত্বে কয়েক হাজার সরকার-বিরোধী আন্দোলনকর্মী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ চেয়ে রাজধানী ব্যাংককে মিছিল করেছে।তবে আগের চেয়ে বিক্ষোভকারীদের সংখ্যা কমে এসেছে। এতে মনে করা হচ্ছে, বিরোধীদলের আন্দোলন গতি হারাচ্ছে।এদিকে শুক্রবার বিরোধী আন্দোলনকারীদের অবস্থানে গ্রেনেড বিস্ফোরণে আন্দোলনকারীদের একজন নিহত ও ৩৫ জন আহত হওয়ার পর রোববারও আন্দোলনকারীদের ওপর বোমা হামলা হয়েছে।তবে এদিনের বিস্ফোরণে চারজন সামান্য আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।নভেম্বরে আন্দোলন শুরু হওয়ার পর এ পর্যন্ত নয় জনের মৃত্যু হলো। এসব হামলার ঘটনায় মোটামুটি শান্তিপূর্ণ এই আন্দোলন সংঘাতের দিকে মোড় নিচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়েছে।অন্যদিকে পুলিশ জানায়, শনিবার রাতে রাজধানীর উত্তরে লাত ফ্রাও এ অজ্ঞাত পরিচয়ের একজন বন্দুকধারী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায়।লাত ফ্রাও এর একজন পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, “গুলিতে ৫৪ বছর বয়সী এক ব্যক্তি আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তবে তিনি এখন আশঙ্কা মুক্ত।”শুক্রবার কারা বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে তাদের নেতা সুথেপ থাউগসুবান এজন্য সরকারকে দায়ি করে বলেন, এই ঘটনা আন্দোলনকারীদের মনোবলে ফাটল ধরাতে পারবে না।
