বাংলাদেশের ছেলের নারী মডেলে রূপান্তর
লিঙ্গান্তর ঘটিয়ে (ট্রান্স জেন্ডার) ছেলে থেকে মেয়ে হয়েছেন কানাডা প্রবাসী বাংলাদেশি তরুণ আদেশ। ২৩ বছর বয়সী আদেশের বর্তমান নাম এমেলিয়া ম্যালটেপে। তিনি এখন কানাডার সুপার মডেল।
বুধবার এমেলিয়াকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ‘হাফিংটন পোস্ট’।
সর্বাংশে নারী হতে যদিও আরও সময় লাগবে, তবু এমলিয়া স্বপ্ন দেখছেন মিস ওয়ার্ল্ড হওয়ার।
কানাডার টরেন্টোতে বসবাসকারী ম্যালটেপে পুরুষ থেকে নারীতে পরিণত হওয়ার জন্য এরই মধ্যে আট হাজার পাউন্ড খরচ করেছেন। এর মধ্যে স্তন স্থাপনে ৬ হাজার ও ত্বকের চুল দূরীকরণে দুই হাজার পাউন্ড খরচ হয়েছে।
তবে তার পূর্ণাঙ্গ লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার এখনো বাকি আছে। এই পুরো লিঙ্গ রূপান্তর কাজে তাকে সহযোগিতা করছেন তার ট্রেইনার ও ছেলেবন্ধু চার্লস দাবাক। দুজন এখন একসাথেই থাকছেন। বর্তমানে মডেলিং নিয়েই ব্যস্ত তারা।
এমেলিয়া বলেন, “বড় হতে হতে আমি অনুভব করলাম, আমার শারীরিক গঠন ঠিক নয়। আর লিঙ্গ পরিবর্তনের চিন্তা কখনো ছিল না। তবে এখন ভাবি, যদি আমি স্রষ্টা এবং নিজের ওপর বিশ্বাস রাখি, আমার মনে থাকা যেকোন কিছু আমি অর্জন করতে পারব”।
এই ভাবনার দুই মাস পর থেকে স্তন স্থাপনের কাজ শুরু করেন। ত্বকের চুল দূর করাসহ এ কাজে আট হাজার পাউন্ড ব্যয় করেন তিনি।
চলতি বছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবেন এমেলিয়া। তার স্বপ্ন মিস ওয়ার্ল্ড হওয়ার। তিনি বলেন, “মিস ওয়ার্ল্ড হওয়াটা এখন আমার সবচেয়ে বড় স্বপ্ন। আর এ কাজে তার অনুপ্রেরণা কানাডার লিঙ্গান্তর ঘটানো মডেল জেনা তালাকোভা”।
গত বছর কানাডায় মিস ইউনিভার্সে অংশ নেয়ার জন্য প্রয়োজনীয় একটি আইনি লড়াইয়ে জয়ী হয়েছেন জেনা।
এমেলিয়াকে নিয়ে তার বয়ফ্রেন্ড চার্লস বলেন, “এমেলিয়ার শারীরিক গঠনের বিষয়টি আমি প্রথমে জানতাম না। এটি ধরা পড়ে একটি অপারেশনের সময়। প্রথমে তার পরিবার বিষয়টি স্বাভাবিকভাবে না নিলেও পরবর্তী সময়ে আর কোন বাধা দেননি তারা।”
বর্তমান অবস্থা তার পরিবার কীভাবে নেবে তার জবাবে এমেলিয়া বলেন, “আমাকে স্তনসহ দেখলে প্রথমে তাদের খুব কষ্ট হবে। তবে আমি যেমনই হই না কেন, পরিবার আমাকে ভালবাসে।”
নিজের সম্পর্কে তার মন্তব্য, “আমি মনে করি আমি সুন্দরী একজন নারী। আর মানুষও আমাকে এ জন্য মর্যাদা দেবে।”
প্রকাশিত খবরে জানা গেছে, এমেলিয়ার জন্ম বাংলাদেশের একটি মুসলিম পরিবারে। পড়াশোনার জন্য ২০০৯ সালে কানাডায় যান তিনি। সেখানে বিজনেস একাউন্টিং বিষয়ে পড়ছেন।
পূর্ণাঙ্গ নারী হওয়ার পথে থাকা এমেলিয়া বর্তমানে মডেলিং করছেন। গত বছর টরেন্টোতে আবেদনময়ী পোশাকের একটি ফটোশ্যুট করেন এমেলিয়া; যেটি স্থানীয় পত্রিকা দ্য টরেন্টো সান প্রকাশ করেছে।
