আসামে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে নিহত ৬
ভারতের আসামের কোকরাঝাড় জেলায় সন্দেহভাজন বোড়ো বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার রাতে ভারতের ৩১ নম্বর জাতীয় সড়কে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।ওই সময় পশ্চিমবঙ্গের শিলগুড়ি থেকে মেঘালয়ের রাজধানী শিলংয়ের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে ন্যাশনাল ডেমক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ডের (এনডিএফবি) সদস্যরা বেপরোয়া গুলিবর্ষণ করে।এনডিটিভিকে আসাম পুলিশের অতিরিক্ত মহাপরিচালক এপি রাউত বলেন, “হামলাটি ন্যাশনাল ডেমক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ড চালিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। হামলার প্রধান পরিকল্পনাকারীকেও শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে একটি ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।”আসাম পুলিশ জানিয়েছে, রাত সাড়ে নয়টার দিকে বিচ্ছিন্নতাবাদীরা বাসটি থামায়, থামিয়ে বাসের আট যাত্রীকে নেমে আসতে বলে। তারা নেমে এলে তাদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে বিচ্ছিন্নতাবাদীরা। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।বিচ্ছিন্নতাবাদীরা স্বয়ংক্রিয় অস্ত্র বহন করছিল বলে জানিয়েছে পুলিশ। আহতদের বনগাইগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
