‘দৈনিক ২০ কোটি টেক্সট মেসেজ সংগ্রহ করছে এনএসএ’
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) প্রতিদিন বিশ্বব্যাপী প্রায় ২০ কোটি ‘টেক্সট মেসেজ’ সংগ্রহ ও সংরক্ষণ করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকা।
বৃহস্পতিবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, ওইসব বার্তা সংগ্রহ করে এনএসএ মূলত: মানুষের ভ্রমণ পরিকল্পনা, বিভিন্ন স্থানে যোগাযোগ ও ক্রেডিট কার্ডে লেনদেনের তথ্য সংরক্ষণ করছে। মুঠোফোনের এসএমএস সংগ্রহ করেও সেখান থেকে তথ্য সংরক্ষণ করা হয়ে থাকে।
এনএসএর তথ্য ফাঁস করে এখন রাশিয়ার আশ্রয়ে থাকা সাবেক সিআইএ কর্মী এডওয়ার্ড স্নোডেনের বিভিন্ন নথিপত্রের ওপর অনুসন্ধান চালিয়ে গার্ডিয়ান ও ব্রিটেনের চ্যানেল ফোর প্রতিবেদনটি প্রকাশ করে। পরে তাদের বরাত দিয়ে রয়টার্স, বিবিসিও অন্যান্য গণমাধ্যমগুলো একই ধরনের খবর ছাপে।
স্নোডেনের তথ্য ফাঁসের পর শুক্রবার প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মতো এ বিষয়ে একটি বড় ধরনের নীতি ঘোষণা করতে যাওয়ার সময়টিতে এ প্রতিবেদন প্রকাশিত হলো।
‘ডিসফায়ার’ সাংকেতিক নামে চলা এনএসএর এ কর্মসূচিতে সন্দেহভাজনের সব ধরনের তথ্যই সংগ্রহ করা হয় বলে যুক্তরাজ্যের ‘গভর্নমেন্ট কমিউনিকেশন হেডকোয়াটার’ এর নথিপত্রের বরাত দিয়ে জানায় গার্ডিয়ান।
এনএসএ’র নজরদারি থেকে পাওয়া কিছু তথ্য চলে যায় ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউর কাছে। তারা এর সাহায্যে ওয়ারেন্টভূক্ত নয় এমন নাগরিকদের তথ্যও প্রয়োজনমতো যাচাই-বাছাই করে।
‘এসএমএস টেক্স ম্যাসেজ: অ্যা গোল্ডমাইন্ড টু এক্সপ্লোইট’ শিরোনামে ২০১১ সালে এনএসএ’র একটি প্রতিবেদনের বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, ওই বছর এপ্রিলে সংস্থাটি প্রতিদিন গড়ে প্রায় ১৯ কোটি ৪০ লাখ টেক্সট মেসেজ সংগ্রহ করেছে।
তবে গার্ডিয়ানের ওই প্রতিবেদন সম্পর্কে এনএসএ রয়টার্সকে জানায়, তারা আইনি প্রক্রিয়া মেনেই বৈধভাবে এসএমএসের তথ্য সংগ্রহ করে থাকে। অবাধে ও নির্বিচারে তথ্য সংগ্রহের যে কথা রটানো হয়েছে, তা ঠিক নয়।
