২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককে বিক্ষোভকারীদের ওপর বোমা হামলা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকার বিরোধী বিক্ষোভকারীদের মিছিলে বোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2014, 04:10 PM

Updated : 01 Sep 2026, 06:02 PM

পুলিশ জানায়, চুলালনঙকম বিশ্ববিদ্যালের কাছে সুদেপ থাগসুবানের নেতৃত্বে শুক্রবার সরকার বিরোধী বিক্ষোভকারীরা মিছিল করার সময় সেখানে কোনো বিস্ফোরক ডিভাইস ছুড়ে দেয়া হয়। স্থানীয় সময় বেলা ১ টার কিছুক্ষণ পর এ হামলা হয়।

কয়েকটি খবরে বলা হয়েছে, আশেপাশের ভবন থেকে ছুড়ে দেয়া এ বিস্ফোরক ডিভাইসটি খুব সম্ভবত গ্রেনেড।

এতে ২৮ জন আহত হলেও বিক্ষোভকারীদের নেতা থাকসুবান অক্ষত আছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।

বোমাটি থাকসুবানের ৩০ মিটার দূর দিয়ে চলে যায়। কে বা কারা বোমা ছুড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে আহত কয়েক জনকে রাস্তায় পড়ে থাকতে এবং তাদেরকে নেয়ার জন্য অ্যাম্বুলেন্স ছুটে আসতে দেখা যায়।

সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভস্থলগুলোতে সহিংস তৎপরতার খবর আসছে। বিশেষ করে সন্ধ্যার দিকে সহিংস ঘটনা ঘটছে।

প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সংযত থাকার আহ্বান জানানোয় নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে চলেছে।

কিন্তু সংবাদদাতারা বলছেন, থাইল্যান্ডে সরকার বিরোধী ও সমর্থক দুপক্ষেই সশস্ত্র গোষ্ঠী আছে। সহিংস তৎপরতা চালাতে উন্মুখ হয়ে আছে তারা।

শুক্রবার সকালেও ব্যাংককের উত্তরে বিক্ষোভকারীদের ওপর মটরসাইকেল থেকে গুলি চালানোর ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

সম্প্রতি থাইল্যান্ড সরকারের পদত্যাগের দাবিতে দেশটিতে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনকারীরা রাজধানী ব্যাংকককে প্রায় অবরুদ্ধ করে ফেলেছে এবং আপাতত দৃষ্টিতে এই রাজনৈতিক সংকটের সমাধান দেখতে পাওয়া যাচ্ছে না।

সরকার বিরোধীরা আগামী ২ ফেব্রুয়ারি নির্বাচন বর্জনে অটল রয়েছে। তাঁরা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবি নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।