শশী থারুরের বিরুদ্ধে টুইটারে প্রেমের অভিযোগ
ভারতে কংগ্রেসের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা থারুর তার স্বামীর বিরুদ্ধে টুইটার অ্যাকাউন্ট থেকে পাকিস্তানি সাংবাদিক মেহর তারারের সঙ্গে প্রেমের অভিযোগ করেছেন।
এ নিয়ে বিরোধে তিনি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তও নেবেন বলে জানান।শশী অবশ্য এমন অভিযোগ অস্বীকার করে ঘোষণা করেন, তার টুইটার অ্যাকাউন্টটি হ্যাকারের কবলে পড়েছে।
শশীর এ দাবির পরপরই ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ এ ওই অভিযোগ করেন সুনন্দা।
মেহর তারারের সঙ্গে শশীর প্রণয়ঘটিত বেশকিছু টুইটার বার্তা প্রকাশের পর বিষয়টি নিয়ে বিরোধ দেখা দেয়। সুনন্দা নিজেও রাগাম্বিত হয়ে মেহর তারারকে গালমন্দ করে টুইট পাঠান।
বিতর্কিত টুইটার বার্তাগুলো নিয়ে গুঞ্জন শুরু হওয়ার পর থারুর বুধবার টুইটারে লেখেন, 'দুঃখিত বন্ধুরা। আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তাই তা সাময়িকভাবে বন্ধ থাকবে। আমরা এর একটা সমাধানে না পৌঁছনো পর্যন্ত ধৈর্য্য ধরুন।'
এ ঘটনায় মেহর তারার নিজেও বিস্ময় প্রকাশ করেন এবং শশীর সঙ্গে প্রেমের কথা অস্বীকার করেন। পরে অবশ্য সুনন্দাও তার টুইটার একাউন্ট হ্যাক হয়েছে বলে জানান।
শশী এবং সুনন্দা দুজনেই বলেন, তাদের একাউন্ট থেকে অনাকাঙ্খিত কিছু টুইট বার্তাকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। তবে বিষয়টি মিটমাট হয়ে গেছে বলে জানান তারা।
টুইটারে জনপ্রিয় কংগ্রেস সাংসদদের মধ্যে থারুর অন্যতম। টুইটারে তার অনুসারী প্রায় বিশ লাখ মানুষ।
তারারের সঙ্গে শশীর টুইটার বার্তাগুলো নিয়ে বিতর্ক বাড়তে থাকায় বিষয়টি নিয়ে একটি বিবৃতি দিয়েছেন থারুর দম্পতি। এতে তারা শান্তিপূর্ণভাবেই বিবাহিত জীবন যাপন করে যেতে চান বলে জানিয়েছেন।
