২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রণালয় অবরোধ থাই আন্দোলনকারীদের

থাইল্যান্ডের সরকার বিরোধী আন্দোলনকারীরা বিভিন্ন মন্ত্রণালয় ঘিরে তাদের অবরোধ আরো সুদৃঢ় করেছে বলে দাবী করেছে। এর পাশাপাশি বিক্ষোভকারীদের কট্টরপন্থী একটি অংশ ব্যাংককের স্টক এক্সচেঞ্জে হামলা চালানোর হুমকি দিয়েছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 03:40 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

মঙ্গলবার সকালে মন্ত্রণালয় ঘেরাও ছাড়াও রাজধানী ব্যাংককের বেশিরভাগ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধ করে রেখেছিল আন্দোলনকারীরা।এসব কারণে মঙ্গলবারের নিয়মিত মন্ত্রীসভার বৈঠকও বাতিল করা হয়েছে বলে জানান কর্মকর্তারা।

আন্দোলনকারীদের অবরোধের কারণে সোমবার ব্যাংককের বাইরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করেন দেশটির প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। একই দিন দেশটির অনেক মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক বিকল্প কার্যালয়ে কাজ করতে বাধ্য হয়েছে।বিরোধী দলীয় নেতা সুথেপ থাউগসুবানের নেতৃত্বাধীন আন্দোলনকারীরা মূলত সকরারি কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে বাধা দিচ্ছে।প্রধানমন্ত্রী ইংলাক পদত্যাগ না করা পর্যন্ত এ ধরণের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সোমবার সুথেপ তার সমর্থকদের বলেন, “আমরা অবশ্যই সরকারি ভবনগুলো ঘিরে রাখবো। প্রতিদিন সকালে এগুলো বন্ধ করে দেব এবং বিকালে ছেড়ে যাবো।”সোমবার বিকালে সুথেপের পিপলস ডেমোক্রাটিক রিফর্ম কমিটির মিত্র ছাত্রদের একটি দল ব্যাংকক স্টক এক্সচেঞ্জে হামলা চালানোর হুমকি দিয়েছে।এই দলটির নেতা নিতির্থোন লামলুয়া সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “ স্টক এক্সচেঞ্জ একটি বিদ্বেষপূর্ণ পুঁজিবাদী ব্যবস্থা যা থাকসিনকে একজন বিলিয়নিয়ার হওয়ার পথ খুলে দিয়েছে।”তবে ওই হুমকির পরও স্টক এক্সচেঞ্জ ভবন ঘিরে মঙ্গলবার বিশেষ কোনো নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়নি।বার্তা সংস্থা রয়টার্সের একজিন আলোকচিত্রী বলেন, আন্দোলনকারীদের একটি দল মঙ্গলবার মিছিল করতে করতে কাস্টমস অধিদপ্তর অভিমূখে রওয়ানা হয় এবং তাদের কেউ বাধা দেয়নি।এ ব্যাপারে থাইল্যান্ড স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট জারুমপোর্ন চোতিকাসাথিয়েন রয়টার্সকে বলেন, যদি প্রয়োজন পড়ে তবে ভবন ও ট্রেডিং সিস্টেমের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।ইংলাক তার ভাই সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা দ্বারা নিয়ন্ত্রিত, এই অভিযোগে দেশটিতে সরকার বিরোধী ব্যাপক গণআন্দোলন শুরু করেছে ব্যাংককের মধ্যবিত্ত ও রাজতন্ত্রপন্থী অভিজাত শ্রেণি। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন দুর্নীতির অভিযোগে গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়েছিলেন।তীব্র আন্দোলনের মুখে ডিসেম্বরে ইংলাক পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের ঘোষণা দেন।এছাড়া ইংলাক আন্দোলনকারীদের নেতা ও রাজনৈতিক দলগুলোকে বুধবার এক বৈঠকে বসার আমন্ত্রণও জানিয়েছেন। বৈঠকে তিনি বিরোধীদলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের দেয়া ‘মে মাস পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার’ প্রস্তাব নিয়ে আলোচনা করতে চান।যদিও সুথেপ বারবারই বলে আসছেন, নির্বাচন নিয়ে তার কোন আগ্রহ নেই। বরং তিনি সরকারের স্থলে একটি অনির্বাচিত ‘পিপলস কাউন্সিল’ চান। যেটা রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে দেশটির নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তন আনবে এবং থাকসিনের প্রভাবকে দুর্বল করবে।এদিকে আন্দোলনের কারণে ব্যাংককের অনেক স্কুল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বন্ধ ছিল। সোমবার থেকে অনেক অফিসও বন্ধ রয়েছে। ফলে অবরোধকারীরা নগরের সাতটি গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করে রাখলেও রাস্তায় যানজট তেমন একটা ছিলো না।আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে সরকার দশ হাজার পুলিশ এবং আট হাজার সেনা মোতায়েন করেছে। তবে সোমবার তাদের রাস্তায় দেয়া যায়নি।

ব্যাংকক অচলের আন্দোলনে থাই বিক্ষোভকারীরা