২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জনতা দরবার’ আর নয়: কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘জনতা দরবার’ আর নয়, বরং এখন তিনি নিজেই জনগণের কাছে উপস্থিত হবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 08:38 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

শনিবার দিল্লির সচিবালয় চত্বরে বিশৃঙ্খলার কারণে কেজরিওয়ালের আহ্বান করা ‘জনতা দরবার’ এর উদ্বোধন পণ্ড হওয়ার পর আনুষ্ঠানিকভাবে এ দরবার করা থেকে পিছু হঠলেন তিনি।

এর বদলে সপ্তাহে একদিন কোনোরকম আনুষ্ঠানিকতা ছাড়া জনগণের কাছে গিয়ে তাদের অভিযোগ শুনবেন বলে সোমবার জানিয়েছেন কেজরিওয়াল।

এ ব্যাপারে তিনি বলেন, “প্রতি শনিবার আমি দিল্লির বিভিন্ন জায়গায় জনগণের সঙ্গে দেখা করব। তাদেরকে আমার কাছে আসতে হবে না। আমিই তাদের কাছে যাব”।

এনডিটিভি জানায়, জনগণ অভিযোগ আগে থেকে অনলাইনেও নথিভুক্ত করতে পারবে। একটি কলসেন্টার খোলা হবে এবং অভিযোগ ডাকযোগে পাঠানো যাবে বলেও জানিয়েছেন কেজরিওয়াল।

গত শনিবার প্রথম জনতা দরবারে বসেন কেজরিওয়াল। নির্বাচনী প্রচারে আম আদমি পার্টি-র ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী ওই দিন জনতার মুখোমুখি হয়ে বিশৃঙ্খল অবস্থায় পড়েন তিনি। ভিড়ের ঠেলায় শেষমেশ দরবার ছেড়ে সচিবালয়ে ঢুকেন তিনি।

আম আদমি পার্টি তাদের নির্বাচনী ইশতেহারে সাধারণ মানুষের জন্য সচিবালয়ের ‘ভিআইপি’ ফটক সব সময় খোলা রাখার প্রতিশ্রুতি দিলেও শনিবার নিরাপত্তাকর্মীদের তুলনায় সেখানে সরকারের কাছে অভিযোগ নিয়ে আসা মানুষের সংখ্যা অনেক বেশি হয়ে যায়।

ফলে প্রথম দরবার পরিকল্পনামাফিক না হওয়ায় পুরনো সিদ্ধান্ত বদল করতে একরকম বাধ্য হয় রাজ্য সরকার।