২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকক অচলের আন্দোলনে থাই বিক্ষোভকারীরা

রাজধানী ব্যাংকক অচল করে দেয়ার আন্দোলনে রাস্তায় নেমেছে থাইল্যান্ডের সরকার-বিরোধী বিক্ষোভকারীরা। ২ ফেব্রুয়ারির আগাম নির্বাচনের আগে সরকারকে উৎখাত করতে এ কর্মসূচি পালন করছে তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2014, 04:33 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

‘আপোস না, গৃহযুদ্ধও নয়’

সোমবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করা ছাড়াও রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেয়াসহ প্রধান প্রধান মোড়গুলো দখলে রেখেছে বিক্ষোভকারীরা। সরকারকে উৎখাত করে সে জায়গায় একটি অনির্বাচিত ‘গণপরিষদ’ গঠনই বিক্ষোভকারীদের লক্ষ্য।

সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় ১৮ হাজার পুলিশ মোতায়েন করলেও বিক্ষোভকারীরা বিনা বাধাতেই কর্মসূচি পালন করছে। কর্তৃপক্ষ থেকে তাদের ওপর কোনো বাধা আসেনি। রাস্তায় বিক্ষোভকারীদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ। অনেকে নাচ- গানও করছে।

রাজধানী অচল করার কর্মসূচি সফল করতে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। ‘সরকারকে যেতে হবে, হতে হবে সংস্কার। আমরা একই দুর্নীতিবাজ রাজনীতিবিদদের বার বার দেখতে চাই না,’ বলেন এক বিক্ষোভকারী।

সরকারবিরোধীরা রাস্তার ৭ টি প্রধান সংযোগস্থল বন্ধ করে দিয়েছে। রাজধানী অচলের কর্মসূচিতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো ঘেরাও করা ছাড়াও সেগুলোর বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়ারও পরিকল্পনা আছে তাদের। সেইসঙ্গে প্রায় ১৫০ টি স্কুলও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা।

বিক্ষোভকারীদের নেতা সুদেপ থাগসুবান এ আন্দোলনকে ‘জনগণের বিপ্লব’ আখ্যা দিয়েছেন।

এ বিপ্লবের মুখে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা বিক্ষোভকারীদের নেতা ও রাজনৈতিক দলগুলোকে বুধবার বৈঠকে ডেকেছেন। নির্বাচন কমিশনের ভোট পেছানোর প্রস্তাব নিয়ে আলোচনার জন্য এ বৈঠক ডাকেন তিনি। প্রধানমন্ত্রীর এক ঊর্ধ্বতন সহযোগী একথা জানিয়েছেন।

কিন্তু বিক্ষোভকারীরা নির্বাচনী ব্যবস্থা বদলানো এবং অন্যান্য সংস্কার কার্যক্রমের জন্য বর্তমান সরকারের বদলে একটি গণপরিষদ গঠনের দাবিতে এখনো অটল।

“এ অচলাবস্থার অবসান সহজে হবে না। ব্যাংকক অচলের আন্দোলনে চোখে পড়ার মতো লোক সমাগম হয়েছে। আর সেকারণে অচলাবস্থা চলতেই থাকবে” বলে মন্তব্য করেছেন ব্যাংককের এক রাজনীতি বিশ্লেষক।

ইংলাক তার ভাই ক্ষমতাচ্যুত ও নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কথায় দেশ পরিচালনা করছেন বলে অভিযোগ করছে বিরোধীরা। এ কারণে ইংলাকের তাৎক্ষণিক পদত্যাগ এবং তার ডাকা ২ ফেব্রুয়ারি নির্বাচন প্রতিহত করতে বিক্ষোভ চলছে।

রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে বিক্ষোভকারীদের নেতা সুদেপ থাগসুবান সরকারের সঙ্গে কোনো আপোসের সম্ভাবনা নাকচ করলেও গৃহযুদ্ধের হুমকি দেখা দিলে আন্দোলন ছেড়ে বাড়ি ফিরে যাবেন বলে জানান।

ইংলাকের পদত্যাগের দাবিতে নভেম্বরের শেষ দিক থেকে থাইল্যান্ডে শুরু হওয়া আন্দোলন-বিক্ষোভে এ পর্যন্ত বেশকিছু মানুষ নিহত হয়েছে।