বাগদাদে বোমা হামলায় নিহত ১৪
ইরাকের রাজধানী বাগদাদে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসাকর্মীরা।
রোববার সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়েছে বাগদাদের একটি বাস স্টেশনে। এতে ৯ জন নিহত হয়। আলওয়ি এলাকায় সকালের দিকে এ হামলা হয়।
হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
গত বৃহস্পতিবার বাগদাদের এই একই এলাকায় বোমা হামলায় সেনাবাহিনীতে যোগ দিতে যাওয়া ২৩ জন নিহত হয়।
ইরাকে সম্প্রতি রাজনৈতিক উত্তেজনা এবং সহিংসতা বেড়েছে। জাতিসংঘের হিসাবমতে, গত ৫ বছরের মধ্যে ২০১৩ সালটি ছিল ইরাকে সবচেয়ে প্রাণঘাতী বছর। সে বছর ইরাকে বোমা হামলায় নিহত হয়েছে ৮ হাজার ৮শ’রও বেশি মানুষ।
