‘শ্যারনের জন্য চোখের পানি নয়’
লেবাননে ১৯৭৫ থেকে ১৯৯০ পর্যন্ত গৃহযুদ্ধ চলাকালে ১৯৮২ সালের সেপ্টেম্বরে দেশটির রাজধানী বৈরুতের সাবরা ও শাতিলা ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ব্যাপক গণহত্যা চালায় লেবাননের খ্রিস্টান বেসামরিক বাহিনী। ইসরায়েলের প্রত্যক্ষ মদদেই এই গণহত্যা সংঘটিত হয়েছিল।
এই গণহত্যার সময় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন অ্যারিয়েল শ্যারন।শনিবার আট বছর কোমায় থাকার পর ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী শ্যারন ৮ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। কিন্তু সাবরা ও শাতিলার বেঁচে থাকা ফিলিস্তিনি শরণার্থীদের ক্ষোভ এতে এতটুকুও প্রশমিত হয়নি। শ্যারনের পরিকল্পনা অনুযায়ীই ওই গণহত্যা সংঘটিত হয়েছিল বলে অভিযোগ আছে।বৈরুতের ওই এলাকাটি তখন দখলদার ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। ইসারায়েলের হামলার মুখে বৈরুত ছেড়ে গেছে আরাফাতের নেতৃত্বাধীন ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) যোদ্ধারা। রয়ে যাওয়া নিরস্ত্র ফিলিস্তিনিদের নিরাপত্তার দায়িত্ব ছিল ইসরায়েলি সেনাবাহিনীর হাতে।এই অবস্থায় ইসরায়েলি সেনারা মিত্র খ্রিস্টান ফ্যালাঞ্জ গেরিলাদের ওই শিবিরে ঢুকে গণহত্যা চালাতে দেয়। আর ফ্যালাঞ্জরা বেছে বেছে তরুণ ফিলিস্তিনিদের বাছাই করে হত্যা করে। এ সময় ৮শ’ খেকে ১৫শ’ জন ফিলিস্তিনি তরুণ নিহত হন।
তিন দশক আগে সেপ্টেম্বরের এক ভোরে সশস্ত্র ফ্যালাঞ্জ গেরিলারা আবু জামাল ও তার পরিবারকে ঘুম থেকে তোলে। তাদের সবাইকে রাস্তায় নিয়ে জড়ো করে।
বন্দুকধারীরা জামাল ও সাবরা-শাতিলার শিবির থেকে ধরে আনা অন্যান্য শরণার্থীদের লাইন ধরে দাঁড়া করায়। নারী ও পুরুষদের আলাদা করে। এরপর লাইন থেকে বেছে বেছে তরুণদের তুলে নিয়ে গিয়ে হত্যা করে।এই তরুণদের মধ্যে জামালের ১৯ বছর বয়সী ছেলেও ছিল।“স্কুলে শেষ বছরে ছিল ও তখন, সে তার শিক্ষা জীবনও শেষ করতে পারলো না,” বলেন জামাল।জামালরা যখন শুনলেন ইসরায়েলের সেনা কমান্ডার থেকে রাজনীতির শীর্ষে ওঠা শ্যারন আট বছর কোমায় থাকার পর মারা গেছেন, তারা কোনো দুঃখই প্রকাশ করলেন না।ওই গণহত্যার স্মৃতি স্তম্ভের কাছেই নিজ বাড়িতে বসে থাকা ৭০ বছর বয়সী বৃদ্ধা মিলানি বউত্রুস এখনো স্পষ্ট মনে করতে পারেন কিভাবে তার স্বামী ও সন্তানকে গুলি করে হত্যা করা হয়।
এর জন্য শ্যারনকেই দায়ী মনে করেন তিনি। তিনি বলেন, “এর চেয়ে আরো অনেক বেশি শাস্তি শ্যারনের প্রাপ্য ছিল।”“আল্লাহ তাকে নরকে পাঠিয়ে দিক। আমি চাই, আমরা যে যন্ত্রণা ভোগ করেছি সেও একই যন্ত্রণা ভোগ করুক। ৩২ বছর ধরে আমরা এই যন্ত্রণা ভোগ করছি, আর সে মাত্র আট বছর ধরে এই অবস্থায় ছিল। আমি আশা করেছিলাম, সে আরও দশ বছর এই যন্ত্রণা ভোগ করবে।”১৯৮৩’তে ইসরায়েলি তদন্তে এই গণহত্যায় কোনো বাধা না দেয়ার শ্যারনকে “ব্যক্তিগতভাবে দায়ী” বলে অভিযুক্ত করা হয়। এরপর প্রতিরক্ষামন্ত্রী পদ থেকে পদত্যাগে তাকে বাধ্য করা হয়। কিন্তু এর দুই দশকের মধ্যেই লিকুদ পার্টির প্রধান হিসেবে শ্যারন ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
