৩ সন্তান নেয়ায় ১২ লাখ ডলার জরিমানা
চীনে এক সন্তান নীতি লংঘন করে তিন ছেলে-মেয়ে নেয়ায় এক দম্পতিকে ১২ লাখ ডলার জরিমানা করেছে কর্তৃপক্ষ।
সিএনএন জানিয়েছে, অস্কার মনোনীত চলচ্চিত্র নির্মাতা ঝাং ইমোউ ও তার স্ত্রী চেন টিংকে এ জরিমানা করা হয়েছে।
গত মঙ্গলবার চীনের জিয়াংসু প্রদেশের বিনহু উক্সি সিটি জেলার পরিবার পরিকল্পনা ব্যুরো থেকে ঝাংকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেয়া হয়।
এতে বলা হয়, সন্তানের জন্য নির্ধারিত কোটার চেয়ে দুই ছেলে-মেয়ে বেশি নেয়ায় তাদের এ জরিমানা দিতে হবে।
গত ডিসেম্বরে একটি খোলা চিঠিতে ‘বেশি সন্তান’ নেয়ার জন্য ক্ষমা চান ঝাং। তাদের দুই ছেলে ও এক মেয়ে হওয়ার কথা স্বীকার করেন ঝাং ও তার স্ত্রী চেন টিং।
খোলা চিঠিতে ঝাং বলেন, “একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে অনেক প্রচেষ্টার মধ্য দিয়ে আপনাদের ভালো কিছু চলচ্চিত্র উপহার দিয়েছি। কিন্তু বেশি ছেলে-মেয়ে নেয়ার কারণে সেসব জলে গেছে।
“বেশি সন্তান নেয়ার কারণে আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। এক্ষেত্রে আমি নিজের ভুল স্বীকার করছি এবং এজন্য মামলা হওয়ায় অন্যকে দায়ী করছি না।”
ওই চিঠিতে পরিবার পরিকল্পনা ব্যুরোর কর্মকর্তাদের তদন্তে সহযোগিতারও প্রতিশ্রুতি দেন তিনি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ওই দম্পতির বার্ষিক আয়কে বিবেচনায় নিয়ে জিয়াংসু প্রদেশের কর্মকর্তারা এ জরিমানা করেছেন। এ মামলায় তথ্য সংগ্রহের জন্য গত নভেম্বর থেকে নয়টি তদন্ত দল কাজ করে।
চিঠি পাওয়ার ৩০ দিনের মধ্যে ঝাং-চেন দম্পতিকে জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।
গত ডিসেম্বরে চীনে নতুন আইন প্রণয়নের মাধ্যমে এক সন্তান নীতিতে শিথিলতা আনার পরে ঝাংকে এ জরিমানা করা হলো।
নতুন আইনে কোনো দম্পতির কেউ তার বাবা-মায়ের একমাত্র সন্তান হলে তাদের দুই সন্তান নেয়ার অনুমতি দেয়া হয়।
এর আগে দুজনই বাবা-মায়ের একমাত্র সন্তান হলে তারা দুই সন্তান নিতে পারতেন।
