২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষে নিহত প্রায় ৫শ’

সিরিয়ায় ইসলামিক ফ্রন্ট্র নেতৃত্বধীন বিদ্রোহী জোটের সঙ্গে আল কায়েদা সংশ্লিষ্ট ‘ইসলামিক স্টেট ইন ইরাক এন্ড দ্য লেভান্ট’ (আইএসআইএল) এর সংঘর্ষে অন্তত ৪৮২ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2014, 10:40 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, নিহতদের মধ্যে আছে ৮৫ জন বেসামরিক নাগরিক, ২৪০ বিদ্রোহী এবং আইএসআইএল যোদ্ধা।

আলেপ্পোয় ৪২ জন বন্দিকে হত্যা করেছে ইসলামিক স্টেট ইন ইরাক। অন্যদিকে, বিদ্রোহীরা জিহাদি গোষ্ঠীটির ৪৭ সদস্যকে হত্যা করেছে।

সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় ৪ টি প্রদেশজুড়ে গতসপ্তাহে লড়াই ছড়িয়ে পড়েছে। সর্বশেষ সহিংসতা শুরু হয়েছে গত শুক্রবার।

ইসলামিক ফ্রন্ট নেতৃত্বাধীন ইসলামিক দলগুলোর নতুন জোট আইএসআইএল এর বিরুদ্ধে সিরিজ হামলা চালালে দুপক্ষে লড়াই শুরু হয়। বিদ্রোহী ন্যাশনাল কোয়ালিশন ওই হামলায় সমর্থন দেয়।

বুধবার আলেপ্পোয় আইএসআইএল এর সদরদপ্তরগুলো দখল করে নেয় কয়েকটি ইসলামিক ব্রিগেড। শুক্রবার আলেপ্পো এবং ইদলিব প্রদেশেও বিদ্রোহী জোট লড়াইয়ে সাফল্য পাচ্ছে।

অবজারভেটরির পরিচালক রমি আব্দুল রহমান বলেছেন, এ লড়াইয়ে আরো বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলেই মনে করছেন তিনি। তবে সে সংখ্যা কতা তার সঠিক হিসাব দেয়া সম্ভব নয়।