প্রাণ দিয়ে বীরের মর্যাদা পাচ্ছে পাকিস্তানি কিশোর
আত্মঘাতী বোমা হামলাকারীকে নিজের জীবন দিয়ে রুখে সতীর্থদের বাঁচিয়ে বীরের মর্যাদা পাচ্ছে এক পাকিস্তানি কিশোর।
১৫ বছর বয়সী কিশোর ইজাজ হাসান সোমবার তার স্কুলে বোমা হামলাকারীকে রুখে দিলেও নিজের জীবন বাঁচাতে পারেনি।
খাইবারপাখতুনওয়া প্রদেশের পুলিশ স্থানীয় সরকারকে বলেছে, জাতীয় একটি পদকের জন্য ইজাজের নাম মনোনীত করতে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তারাও ইজাজের পরিবারকে ক্ষতিপূরণ দেবে।
প্রদেশের তথ্যমন্ত্রী এই কিশোরকে ‘প্রকৃত বীর’ আখ্যা দিয়ে বলেছেন, খাইবারপাখতুনওয়া প্রদেশের আসল চেহারা এটিই।
সোমবার পাকিস্তানের উত্তর-পশ্চিমের শিয়া অধ্যুষিত হাঙ্গুর ইব্রাহিমজাইয়ে এ ঘটনা ঘটে।
বোমা হামলার সময় স্কুলটিতে প্রায় দু’হাজার শিক্ষার্থী ছিল। ইজাজকে প্রদেশের মানুষরা এই শিক্ষার্থীদের জীবন বাঁচানোর স্বীকৃতি দিচ্ছে।
পুলিশ ইজাজকে সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত করার সুপারিশ করেছে।কিশোর ইজাজের জন্য এমনকি সর্বোচ্চ সামরিক পদকের পুরস্কারের কথাও উঠেছে।
তার পরিবার ও এলাকার মানুষেরা তাকে শহীদ হিসেবে দেখছে।
