ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধী ওবামা
পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণের চুক্তি ভঙ্গ করলে ইরানের ওপর নতুন করে আরো নিষেধাজ্ঞা আরোপ করা উচিত হবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের সিনেটের অর্ধেকের বেশি সদস্য।
এমন একটি বিলে তারা সমর্থন করেছেন বলেও সিনেটের সংশ্লিষ্টসূত্র বৃহস্পতিবার জানিয়েছে। তবে এই বিষয়ে এখনই বিতর্কিত কোনো সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা তাদের নেই।
এদিকে হোয়াইট হাউজ ইরানের এ ধরনের কোনো সিদ্ধান্তের বিষয়ে ভেটো দেয়ার হুমকি দিয়েছে।
উত্তরে ইরান জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপ করে তবে গত নভেম্বরে জেনেভায় পরমাণু বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে যে চুক্তি সই হয়েছে তা বাতিল হয়ে যাবে।মার্কিন সিনেট সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ‘পরমাণু অস্ত্র মুক্ত ইরান আইন’ বিলটিতে সিনেটের ১০০ জন সদস্যের মধ্যে ৫৪ জন এরই মধ্যে সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার আরো দুইজন বিলটিতে সমর্থন জানালে মোট সংখ্যা দাঁড়ায় ৫৬ জনে।তবে এটা এখনো নিশ্চিত নয় যে কবে নাগাদ বিলটি সিনেটে উপস্থাপন করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিপক্ষে। ওবামার সিদ্ধান্তে আপত্তি জানাতে হলে সিনেটে বিলটিকে দুই-তৃতীয়াংশ ভোটে জয়ী হতে হবে।এদিকে এ বছরের শেষ নাগাদ বা আগামী বছর ইরান যদি পরমাণু বিষয় নিয়ে কোনো চূড়ান্ত চুক্তিতে উপনীত হতে না পারে সেক্ষেত্রেও ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।নভেম্বরে জেনেভায় যুক্তরাষ্ট্র ও বিশ্বের শক্তিধর আরো পাঁচটি দেশের সঙ্গে ইরান ছয় মাসের অন্তর্বর্তীকালীন একটি চুক্তি সই করেছে। ওই চুক্তির মেয়াদ সর্বোচ্চ এক বছর পর্যন্ত বাড়ানো যাবে।অন্তর্বর্তীকালীন চুক্তি অনুযায়ী, ইউরেনিয়াম মজুদের পরিমাণ সীমিত করে ইরান তহবিলের কয়েক বিলিয়ন ডলার সম্পদ ব্যবহারের সুযোগ পাবে, যেটা নিষেধাজ্ঞার কারণে বাতিল হয়ে গিয়েছিল।চুক্তি কার্যকর হওয়ার আগে বিভিন্ন বিষয়ে একমত হওয়ার জন্য নভেম্বর থেকে ইরান ও শক্তিধর ছয়টি রাষ্ট্রের পরমাণু বিশেষজ্ঞরা কয়েক দফা আলোচনা করেছেন।এদিকে বৃহস্পতিবার আলোচনা পুনরায় আরম্ভ হওয়ার কয়েক ঘণ্টা আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, সমঝোতা প্রক্রিয়ায় ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের শক্রভাবাপন্ন মনোভাব প্রকাশ পেয়ে গেছে।যদিও ধর্মীয় ও রাজনৈতিকভাবে কড়া সমালোচনার পরও খামেনি এর আগে অন্তর্বর্তীকালীন চুক্তিকে সমর্থন জানিয়েছিলেন।
