সাঁতার না জেনেও সমুদ্রে ভেসে গিয়ে ফেরা
তাইওয়ানের এক ব্যক্তি সমুদ্রে মৃত্যুর সঙ্গে ৬০ ঘণ্টা লড়াই করে বেঁচে ফিরেছেন। তারচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে তিনি সাতার জানতেন না।
স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে।শুক্রবার বড় একটি ঢেউয়ের কবলে পড়ে ৪২ বছর বয়সী সেং লিন-ফা হুয়ালিন কাউন্টি বিচ থেকে সমুদ্রে ভেসে যান।পরে রোববার সেখান থেকে প্রায ৭৫ কিলোমিটার দূরে অন্য একটি বিচ থেকে তাকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। সেং একটি কাঠের টুকরা ধরে ভেসে ছিলেন।চিকিৎসকরা জানান, সেংয়ের কিছুটা পানিশূন্যতা দেখা দিয়েছে। এছাড়া দীর্ঘসময় লবণ পানিতে থাকার কারণে তার বাহুতে কয়েক জায়গায় ঘায়ের মতো হয়েছে।ডা. চেন তিয়েন-সু এএফপিকে বলেন, তার সঙ্গে কোনো খাবার বা পানি ছিল না। তারপরও সেং এর বেঁচে থাকাটা সত্যিই ‘অলৌকিক’ ছিল।স্থানীয় সংবাদ মাধ্যমকে সেং বলেন, তিনি একটি ঢেউকে এড়িয়ে যেতে পেরেছিলেন। কিন্তু দ্বিতীয় এবং তার থেকে বড় ঢেউটি তাকে ডুবিয়ে দেয়।“এরপর যখন আমি ভেসে উঠি, আমি আশা করেছিলাম পাশ দিয়ে যাওয়া কোনো জাহাজ আমাকে তুলে নেবে।“নিজের উদ্ধার পাওয়ার ঘটনা বর্ণনা করতে গিয়ে সেং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, কূলের কাছে রাস্তায় আলো দেখে আমি পা দিয়ে পানিতে আঘাত করে সেদিকে এগুতে থাকি।“যখন আমার পা বালিতে ছোঁয় আমি হাত-পা ছেড়ে দেই এবং ঢেউ আমাকে ধীরে ধীরে কূলের দিকে নিয়ে যায়।“এদিকে নির্ধারিত সময় সেং বাড়ি না ফেরায় তার স্ত্রী কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছিলেন। বাড়তি অর্থ উপার্জনের জন্য সেং সমুদ্র থেকে ঈলের বাচ্চা ধরার চেষ্টা করছিলেন।
