তুরস্কে ১৫ প্রদেশের পুলিশ প্রধান বরখাস্ত
তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান ১৫ টি প্রদেশের পুলিশ প্রধানকে বরখাস্ত করেছেন।
দুর্নীতির অভিযোগে অন্তত ৩৫০ জন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত হওয়ার পর ১৫ টি বড় শহরের পুলিশ প্রধানকে একই ঘটনায় বরখাস্ত করা হল।
এর মধ্যে ইজমির এবং ইস্তাম্বুলের পুলিশ প্রধান ছাড়াও অন্যান্য প্রদেশের মধ্যে আদানা, আনতালয়া, বুরসা, দিয়ারবাকির, এরজুরাম, গাজিয়ানাতেপ, হাতায়, কোকায়েলি, মালাতায়া, মারসিন, শাকারায়া, সামসান এবং ট্রাবজোনের পুলিশ প্রধানদেরকে বরখাস্ত করা হয়েছে।
এছাড়া, তুরস্কের পুলিশ বিভাগের উপ প্রধান মুয়াম্মার বুকাককেও বরখাস্ত করেছে সরকার।
এর আগে মঙ্গলবার দুর্নীতির তদন্তে বিতর্কিত ভূমিকা পালনের কারণে সরকারের উঁচু পর্যায়ের ৩৫০ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয় এক বিশেষ নির্দেশনায়।
তুর্কি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এ পদক্ষেপ নিয়েছেন এরদোগান।
দুর্নীতির অভিযোগে তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য পদত্যাগ করার পর পুলিশ ও বিচার বিভাগের বিরুদ্ধে সাজানো মামলা করার অভিযোগ তুলেছেন তিনি।
সরকারকে অস্থিতিশীল করতে এবং বিদেশি সহায়তায় সরকারের পতন ঘটানোর উদ্দেশ্যই মূলত সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে বলে মন্তব্য করেছেন এরদোগান।
সম্প্রতি, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগের মুখে তুরস্কের কয়েকজন মন্ত্রী সরকার থেকে পদত্যাগ করেন।
