থাই এমপিদের বিরুদ্ধে অভিযোগ আনবে দুর্নীতি কমিশন
সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়ায় থাইল্যান্ডের ৩শ’রও বেশি রাজনীতিবিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্নীতিদমন কমিশন।
এসব রাজনীতিবিদদের অধিকাংশই দেশটির ক্ষমতাসীন দলের বলে জানিয়েছে বিবিসি।নভেম্বরে এক রুলে আদালত জানায়, পুরোপুরি নির্বাচনের ভিত্তিতে সিনেট গঠনের সরকারি উদ্যোগ অসাংবিধানিক।এক রক্তপাতহীন অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করার পর ২০০৭ সালে নতুন একটি সংবিধান প্রণয়ন করে সেনাবাহিনী। ওই সংবিধানে সিনেটের অংশিক সদস্যকে মনোনয়নের ভিত্তিতে নিয়োগ দেয়ার বিধান করা হয়।সেনাসরকারের ওই পরিবর্তনটুকু সংশোধন করে আবার পুরনো ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছিল থাকসিনের বোন বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সরকার।কিন্তু সংবিধানের সংশোধনের এই সরকারি উদ্যোগে বাধ সাধে দেশটির সাংবিধানিক আদালত। সরকারি ওই উদ্যোগের বিরুদ্ধে আদালত রুল জারি করে।এখন দুর্নীতিদমন কমিশনের অভিযোগ দায়েরের ফলে এ বিষয়ে একটি তদন্ত শুরু করা হবে। এর সম্ভাব্য ফল হতে পারে, পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচিত ৩০৮জন সদস্যকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা।তবে প্রধানমন্ত্রী ইংলাকের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে না বলে জানিয়েছে দুর্নীতিদমন কমিশন।বিরোধীদলের প্রতিবাদের মুখে আগামী ২ ফেব্রুয়ারি সরকার যখন একটি সাধারণ নির্বাচন আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই এ ধরনের একটি উদ্যোগ নিল দেশটির দুর্নীতিদমন কমিশন।থাইল্যান্ডের নিম্নবিত্ত শ্রেণীর মানুষরাই প্রধানত ক্ষমতাসীন দলের সমর্থক, এদের নেত্রী ইংলাককে ক্ষমতা থেকে সরাতে আন্দোলন করে যাচ্ছে বিরোধীদল, যারা প্রধানত দেশটির উচ্চবিত্ত ও প্রতিষ্ঠিত শ্রেণীর প্রতিনিধি।অতীতে থাইল্যান্ডে রাজনৈতিক অস্থিরতা তৈরির ক্ষেত্রে আদালতের রুলিং বড় ধরনের ভূমিকা পালন করেছে। ২০০৮ সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত ও নির্বাসিত থাকসিনের রাজনৈতিকমিত্র সরকারের বিরুদ্ধে রুল জারি করে আদালত।আদালতের আদেশে, নির্বাচনে কারচুপির অভিযোগে ক্ষমতাসীন দলকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয় এবং তাতে তৎকালীন সরকারের পতন হয়। এতে বিরোধীদল সরকার গঠন করার সুযোগ পায়।এখন বর্তমান প্রধানমন্ত্রী ইংলাকের পদত্যাগ চেয়ে অনির্বাচিত “পিপলস কাউন্সিলের” কাছে ক্ষমতা ছেড়ে দেয়ার জন্য আন্দোলন করছে বিরোধীদল।অবাধ ও স্বচ্ছ নিবর্বাচন হলে সরকারি দলের কাছে তারা পরাজিত হবেন বলেই মনে করেন থাই রাজনীতির অধিকাংশ পর্যবেক্ষক।
