ভারতে ট্রেনে আগুন, ৯ জনের প্রাণহানি
ভারতের মহারাষ্ট্রে একটি ট্রেনে আগুন লেগে অন্ততপক্ষে ৯ জন নিহত হয়েছেন, যাদের একজন নারী।
কর্মকর্তারা জানান, পশ্চিমাঞ্চল থেকে মহারাষ্ট্রগামী দেরাদুন এক্সপ্রেস ট্রেনটির অন্তত তিনটি বগিতে আগুন লাগে।মহারাষ্ট্রের থানে জেলার দাহানু এলাকা দিয়ে যাওয়ার সময় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।জানা গেছে, দ্বিতীয় শ্রেণীর একটি বগিতে আগুনের সূত্রপাত হয় এবং আগুন দ্রুত পাশের দুইটি বগিতে ছড়িয়ে পড়ে। ট্রেনটিতে যখন আগুন লাগে তখন সেটি মুম্বাই থেকে উত্তরাঞ্চলের শহর দেরাদুনের দিকে যাচ্ছিল।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।পশ্চিমাঞ্চল রেলওয়ের মুখপাত্র শরৎচন্দ্র সিএনএন-আইবিএন নিউজ চ্যানেলকে বলেন, “একটি রেলওয়ে স্টেশনের একজন কর্মকর্তা আগুন লাগার খবরটি জানান। এর পরপরই ট্রেনটি থামানো হয় এবং এর যাত্রীদের উদ্ধার করা হয়।““আমরা এখনো আগুন লাগার করণ সম্পর্কে নিশ্চিত নই। একজন প্রত্যক্ষদর্শী আমাদের বলেছেন, একটি বগি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। তবে ওই বিষয়গুলো যাচাই ও তদন্ত করে দেখতে হবে।“বর্তমানে ওই লাইনটি চলাচলের জন্য আবার খুলে দেয়া হয়েছে। এছাড়া যেসব যাত্রীদের উদ্ধার করা হয়েছিল তারা ট্রেনটির অন্য বগিতে করে তাদের গন্তব্যে চলে গেছেন বলেও জানান তিনি।ভারতের প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। দেশটিতে প্রতিদিন নয় হাজার ট্রেনে প্রায় এক কোটি ৮০ লাখ মানুষ যাতায়াত করে।
