২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুরসির বিচার মুলতবি

মিশরে বিক্ষোভকারী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিচার মুলতবি করা হয়েছে।

নিউজ ডেস্ক

প্রান্ত কুমার তালুকদার

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 01:20 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারে করে মুরসিকে আদালতে হাজির করা যায়নি বলে কর্মকর্তারা জানানোর পর বুধবার তার বিচার ১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেয়া হয়।

২০১২ সালের ডিসেম্বরে মিশরের প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বিক্ষোভকারীদের হত্যাকাণ্ডে ইন্ধন যোগানোর অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে মুরসি ও তার মুসলিম ব্রাদারহুডের অপর ১৪ জন সহযোগীকে।

মঙ্গলবার কায়রোর একটি আদালতে দ্বিতীয়বারের মতো তাদের হাজিরা দেয়ার কথা ছিল। অন্যান্যরা হেলিকপ্টারে করে পুলিশ কম্পাউন্ডে পৌঁছান। তাদের সঙ্গে মুরসিও সেখানে গেছেন বলে প্রাথমিকভাবে জানানো হয় রাষ্ট্রীয় গণমাধ্যমে।

কিন্তু পরে রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানায়, খারাপ আবহাওয়ার কারণে মুরসির ফ্লাইট দেরি হওয়ায় তাকে আদালতে নেয়া যায়নি। তিনি এখনো আলেক্সান্দ্রিয়ার জেলেই আছেন।

মুরসির অনুপস্থিতিতে আদালতে বিচারপ্রক্রিয়া শুরু হলেও সঙ্গে সঙ্গেই তা মুলতবি করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিমের উদ্ধৃতি দিয়ে মেনা জানায়, আলেক্সান্দ্রিয়ায় খারাপ আবহাওয়া এবং ঘন কুয়াশার কারণে পাইলট মুরসিকে নিয়ে রওনা দিতে অস্বীকৃতি জানায়।

তবে আরেক ইসলামপন্থি এসাম আল-এরিন একই মামলায় মুরসির সঙ্গে বিচারের মুখোমুখি হওয়ায় মুরসি আদালতে হাজির হতে অস্বীকৃতি জানিয়েছেন- এমন খবর নাকচ করেছেন ইব্রাহিম।

২০১৩ সালের জুলাইয়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ ও রক্তপাতের জেরে মুরসিকে ক্ষমতাচ্যুত করে মিশরের সেনাবাহিনী। তারপর থেকে সমর্থকরা তাকে ক্ষমতায় পুনর্বহাল করার দাবিতে প্রায় প্রতিদিন বিক্ষোভ করে আসছে।

শুক্রবার মিশরজুড়ে মুসলিম ব্রাদারহুড সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হন।

হত্যাকাণ্ডে ইন্ধন যোগানোর অভিযোগ ছাড়াও মুরসির বিরুদ্ধে বিদেশি জঙ্গিদের সন্ত্রাসে মদদ দেয়া ও জেল ভেঙে পালানোর চেষ্টার অভিযোগের মামলা আছে। বিচারে দোষী সাব্যস্ত হলে মুরসির মৃত্যুদণ্ড হতে পারে।

মানবাধিকার সংস্থাগুলো ওইসব অভিযোগের অনেকগুলোকেই অবাস্তব বলে খারিজ করে দিয়েছে।

ওদিকে, স্বচ্ছতার মাধ্যমে মুরসির বিচার পরিচালিত হবে বলে জোর দিয়ে বলেছেন মিশরীয় কর্মকর্তারা। কিন্তু তার আইনজীবীরা অভিযোগ করেছেন, মক্কেলের সঙ্গে তাদের দেখা করতে দেয়া হচ্ছে না।

প্রথমবার নভেম্বরে মুরসিকে আদালতে হাজির করা হলে কায়রোতে ব্যাপক হাঙ্গামা হয়।