২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মিস ভেনেজুয়েলা খুন

সাবেক মিস ভেনেজুয়েলা মোনিকা স্পেয়ার (২৯) এবং তার ব্রিটিশ স্বামী থমাস বেরি (৩৯) ভেনেজুয়েলায় গুলিতে নিহত হয়েছেন। এ সময় তাদের পাঁচ বছরের মেয়ে আহত হন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 10:06 AM

Updated : 01 Sep 2026, 05:59 PM

মঙ্গলবার রাতে ভেনেজুয়েলার মেরিদা শহর থেকে রাজধানী কারাকাসে ফেরার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।ভেনেজুয়েলোর ভ্যালেন্সিয়া-পুয়ের্তো ক্যাবোলো মহাসড়কে সংঘটিত এই হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।সোপ অপেরার অভিনেত্রী মোনিকা ২০০৪ সালে মিস ভেনেজুয়েলা হয়েছিলেন।তাদের আহত শিশু কন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। শিশুটির পায়ে গুলি লেগেছে।মোনিকা ও তার স্বামী ব্যর্থ ডাকাতির ঘটনার শিকার বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।ভেনেজুয়েলার তদন্ত পুলিশের প্রধান জোসে গ্রিগোরিও সিয়েরালতা জানিয়েছেন, মঙ্গলবার রাতে মোনিকা ও বেরি মেরিদা থেকে কারাকাসে ফেরার সময় রাস্তায় ফেলে রাখা তীক্ষ কোনো কিছুর আঘাতে তাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়।গাড়ির পেছনের একপাশের দুটি চাকাই এ অবস্থার শিকার হয় বলে জানিয়েছেন তিনি।ভেনেজুয়েলার এল ইউনিভার্সাল সংবাদ জানিয়েছে, এ পরিস্থিতিতে সাহায্যের আশায় রাস্তায় ৪৫ মিনিট ধরে অপেক্ষা করেন তারা।এক পর্যায়ে গাড়িতে দড়ি বেঁধে টেনে এগিয়ে যেতে থাকেন তারা। এ সময় পাঁচজনের একটি দল এসে তাদের থামতে বলে।না থেমে দৌড়ে নিজেদের গাড়ি ভেতর লুকিয়ে পড়েন তারা, কিন্তু তাদের লক্ষ্য করে দুষ্কৃতকারীরা গুলিবর্ষণ করে।ঘটনাস্থলেই মোনিকা ও তার স্বামী নিহত হন, আর তাদের কন্যা মায়ার পায়ে গুলি লাগে।নিহত দম্পতি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন এবং ছুটি কাটাতে ভেনেজুয়েলায় যেতেন। বেরি শিশু বয়সেই ভেনেজুয়েলা চলে গিয়েছিলেন বলে জানা গেছে।হত্যাকাণ্ডে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ ভেনেজুয়েলা। দেশটিতে প্রায়ই ডাকাতি ও অপহরণের মতো ঘটনা ঘটে থাকে। কিন্তু এই হত্যাকাণ্ডে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।ঘটনার প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার জনগণের ওপর হামলাকারীদের “কঠোর হস্তে” দমনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মোনিকা দম্পতি নিহত হওয়ার ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন।বিরোধী দলীয় নেতা হেনরিক ক্যাপ্রিলেস এক টুইটার বার্তায় বলেছেন, “নিকোলাস মাদুরো, আমি প্রস্তাব করছি, আসুন আমরা আমাদের গভীর বিভেদ একপাশে রেখে একসঙ্গে, একযোগে দুর্বল আইন-শৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলা করি।”এর কয়েক ঘন্টার মধ্যেই ক্যাপ্রিলেসকে বুধবার অনুষ্ঠিতব্য এক জরুরি বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন মাদুরো। ওই বৈঠকে দেশের সব রাজ্যের গভর্নর ও ৭৯টি সিটি কর্পোরেশনের মেয়রদের উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।