দক্ষিণ সুদান সরকার-বিদ্রোহী আলোচনা শুরু
ইথিওপিয়ায় দক্ষিণ সুদানের সরকার এবং বিদ্রোহীপক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে।
দক্ষিণ সুদানে তিন সপ্তাহের সহিংসতার অবসান ঘটানোর চেষ্টায় যুদ্ধবিরতি করা নিয়ে প্রতিবেশী দেশটিতে মঙ্গলবার শুরু হয় এ আলোচনা।
গত শনিবার আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরুর পর দক্ষিণ সুদানের সরকার ও বিদ্রোহী পক্ষের প্রতিনিধিদের মধ্যে এটিই প্রথম মুখোমুখি বৈঠক।
দক্ষিণ সুদান সরকারের প্রতিনিধিদলের এক সদস্য বলেছেন, “আমরা বৈরিতা অবসানের লক্ষ্য নিয়ে আলোচনা শুরু করেছি”।
কিন্তু আলোচনা শুরুর পরই জুবা্য় বিদ্রোহী বন্দিদের মুক্তির বিষয়টি নিয়ে আলোচনার জন্য সাময়িক বিরতি দেয়া হয়।
এক কূটনীতিক জানান পূর্ব আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক গোষ্ঠী ‘ইন্টারগভমেন্টাল অথোরিটি অন ডেভেলপমেন্ট (আইজিএডি) দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরকে বন্দিমুক্তির জন্য চাপ প্রয়োগ করতে জুবায় প্রতিনিধি পাঠিয়েছে। এই আইজিএডি’র উদ্যোগেই দক্ষিণ সুদানের বিবাদমান দুপক্ষের মধ্যে প্রথম শান্তি আলোচনা শুরু হয়।
বিদ্রোহী পক্ষ শান্তি আলোচনায় বসার আগেই তাদের দলের আটক বন্দিদের মুক্তির দাবি জানিয়েছিল।
শুক্রবার পর্যন্ত দক্ষিণ সুদানের সরকার ও বিদ্রোহী পক্ষের প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে মধ্যস্থতাকারীদের সহায়তায়। এখন দুপক্ষ সরাসরি আলোচনায় বসেছে।এর মাঝেই চলছে বন্দি মুক্তি নিয়ে আলোচনা।
গত ১৫ ডিসেম্বর থেকে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির ও সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক ম্যাকারের অনুগত যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছে। এতে এ পর্যন্ত অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছে।
