জালিয়াতির অভিযোগে স্পেনের প্রিন্সেসকে আদালতে তলব
স্পেনের রাজা জুয়ান কার্লোসের ছোট মেয়ে ইনফান্টা ক্রিস্টিনাকে অর্থ-পাচার ও কর জালিয়াতির অভিযোগে আদালতে তলব করা হয়েছে।
স্পেনের আদালতের এক বিচারক ইনফান্টাকে এ নির্দেশ দেন। ৪৮ বছর বয়সী ইনফান্টা তার স্বামী ইনাকি আরদাঙ্গারিনের সঙ্গে ব্যবসায় জড়িত।আরদাঙ্গারিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে। এখন ইনফান্টার বিরুদ্ধেও প্রকাশ্যে একইরকম অভিযোগ উঠল।তাকে ৮ মার্চে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।স্পেনে সরাসরি রাজার স্বজনদের কোনো ভুল কর্মককান্ডের জন্য আদালতে তলব করার ঘটনা এটিই প্রথম বলে মনে করা হচ্ছে।পালমা ডা মাইয়োরকা আদালতের বিচারক জোসে কাস্ত্রো ‘এইজুন’ নামক এক ফার্মে আরদাঙ্গারিনের সঙ্গে ইনফান্টার অংশীদারিত্ব নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে তলব করেছেন।গত বছর ইনফান্টার স্বামী এবং পালমার ডিউক আরদাঙ্গারিনের বিরুদ্ধে দাতব্য সংস্থার জন্য বরাদ্দ লাখ লাখ ইউরোর সরকারি অর্থ আত্মস্যাতের অভিযোগ উঠলে তার সম্পত্তি জব্দ করা হয়।মঙ্গলবার ইনফান্টাকে আদালতে হাজিরার ঘোষণার প্রতিক্রিয়ায় রাজপরিবার বলেছে, বিচার বিভাগের সিদ্ধান্তকে তারা সর্বোচ্চ শ্রদ্ধা জানায়।
