স্নোডেনের কাছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আরও গোপন তথ্য
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাবেক ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনের কাছে ইসরায়েল সম্পর্কে প্রকাশ করার মতো অনেক গোপন তথ্য আছে বলে জানিয়েছেন সাংবাদিক গ্লেন গ্রিনওয়াল্দ।
সোমবার ইসরায়েলি চ্যানেল টেন টিভিকে ব্রাজিল থেকে ভিডিও লিঙ্কের মাধ্যেমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এই গ্রিনওয়াল্দই স্নোডেনের ফাঁস করা তথ্যের দিকে বিশ্ববাসীর মনোযোগ আকৃষ্ট করতে প্রধান ভূমিকা রেখেছিলেন। হংকংয়ে স্নোডেনের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকারের ভিত্তিতে ব্রিটিশ গার্ডিয়ানে তার করা প্রতিবেদন বিশ্বব্যাপী প্রবল আলোড়ন তোলে।
বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) ইন্টারনেট ও মোবাইল ফোনে আড়িপাতার গোপন কর্মসূচি এতে ফাঁস হয়ে যায়। এই তথ্য ফাঁসের কারণে মিত্রদেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তিক্ততা ও দেশেবিদেশে প্রবল বিতর্ক তৈরি হয়।
এনএসএ ও এর ব্রিটিশ সহযোগী প্রতিষ্ঠান জিসিএইচকিউ ২০০৯ সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েজন জ্যেষ্ঠ কর্মকর্তার ইমেইলে আড়ি পেতেছিল বলে ফাঁস করা তথ্যে প্রকাশ পেয়েছিল।
স্নোডেনের কাছে ইসরায়েল সম্পর্কে প্রকাশ করার মতো আরো গোপন তথ্য আছে কিনা, চ্যানেল টেনের এমন প্রশ্নের জবাবে গ্রিনওয়াল্দ বলেন, “হ্যাঁ। যদিও যে কাহিনি এখনো কোথাও প্রকাশিত হয়নি সে সম্পর্কে আমি কিছু বলতে চাই না, তারপরও এতটুকু বলা যায়, খুব তাৎপর্যপূর্ণ অনেক কাহিনি রয়ে গেছে যা এখনো প্রকাশিত হয়নি।”
“এগুলো নিয়ে মাত্র সাত মাস কাজ করার সময় পেয়েছি আমরা, এগুলোর পরিমাণ ও জটিলতা বিবেচনায়, এটি খুব বেশি সময় না। এগুলোর মধ্যে নিশ্চিতভাবেই মধ্যপ্রাচ্য নিয়ে, যার মধ্যে ইসরায়েলও আছে, কাহিনি আছে। এগুলোও আগের মতো সময়ের ব্যবধানেই প্রকাশ করা হবে।”
এসব ফাঁস করা তথ্য যতটা সম্ভব ইসরায়েল নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে। কিন্তু তারপরও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, “মিত্রদের মধ্যে এমন কিছু হওয়া উচিত না।”
ঘটনাগুলো তদন্ত করে দেখারও নির্দেশ দিয়েছিলেন তিনি।
