২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাল্লুজা থেকে জঙ্গি তাড়ানোর আহ্বান ইরাকি প্রধানমন্ত্রীর

ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি ফাল্লুজা থেকে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের তাড়িয়ে দিতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 05:51 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

শহরের বাসিন্দারা জঙ্গিদের তাড়িয়ে দিলে তারা সামরিক অভিযান থেকে রেহাই পাবে বলে জিানিয়েছেন তিনি।

ইরাকের সেনাবাহিনী ফাল্লুজাকে জঙ্গিমুক্ত করতে ব্যাপক হামলার প্রস্তুতি নেয়ার সময়টিতে এ আহ্বান জানালেন মালিকি।

বেশ কয়েকদিন ধরে নিয়ন্ত্রণের বাইরে থাকা এ শহরটিকে পুনরায় নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে সরকার। সরকারি বাহিনীর গোলা ও বিমান হামলা থেকে বাঁচতে পালিয়ে গেছে কয়েকশ মানুষ।

ফাল্লুজার বাসিন্দাদের উদ্দেশে মালিকি বলেন, আপনারা নিজ নিজ এলাকাকে সংঘাতমুক্ত রাখতে সন্ত্রাসীদের বিতাড়িত করুন। যাতে করে এলাকাটি কোনো বিপদ এবং সশস্ত্র সংঘাতের কবলে না পড়ে।

একইসঙ্গে আবাসিক এলাকায় হামলা না চালানোর জন্য সেনাবাহিনীকেও প্রতি নির্দেশ দেন মালিকি।

ফাল্লুজায় বিপদের মুখে থাকা বাসিন্দাদের সহযোগিতা করতে শহরটির বাইরে অবস্থান করছে সেনাবাহিনী।

কয়েকদিনের তীব্র সংঘর্ষের পর গত শুক্রবার আল-আনবার প্রদেশের ফাল্লুজা শহরের নিয়ন্ত্রণ নেয় আল-কায়েদা।