‘নিউইয়র্কে বৈধতা পেতে যাচ্ছে গাঁজা’
খুব শিগগিরই গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা প্রয়োজনে সীমিত আকারে গাঁজা ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য সরকার।
আগামী বুধবার রাজ্যটির সরকার এই ঘোষণা দেবেন বলে শনিবার সংবাদ প্রকাশ করেছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’।
পত্রিকাটির ওয়েবসাইটে বলা হয়, গাঁজাকে পুরোপুরি বৈধতা দেয়ার চাপ এখন পর্যন্ত অটলভাবে প্রতিহত করে যাচ্ছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুম্যো। তবে আশা করা হচ্ছে, চিকিৎসা ক্ষেত্রে সীমিত আকারে গাঁজা ব্যবহারের বৈধতা অনুমোদন করবেন তিনি।
পত্রিকাটি কুম্যোর কার্যালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
তবে নিউইয়র্কে চিকিৎসা ক্ষেত্রে গাঁজা ব্যবহারের অনুমতি দেয়া হলেও সেই আইন কলরাডো বা ক্যালির্ফোনিয়া রাজ্যের চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণমূলক হবে বলে জানিয়েছে পত্রিকাটি।
কলরাডো ও ক্যালির্ফোনিয়ায় বিশেষ ধরনের রোগী, যেমন যারা পিঠের ব্যাথায় আক্রান্ত তারা সহজেই চিকিৎসার কথা বলে গাঁজা কিনতে পারেন।
এ সপ্তাহের শুরুতেই বিশ্বের প্রথম রাজ্য হিসেবে কলরাডোতে বিনোদনমূলক ব্যবহারের জন্য খোলাখুলি ভাবে গাঁজা ক্রয়-বিক্রয়ের বৈধতা দেয়া হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে ২০টি রাজ্য এবং কলাম্বিয়ার একটি জেলায় বিভিন্ন চিকিৎসা প্রয়োজনে গাজা ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।
তবে কলরাডো ও ওয়াশিংটন রাজ্যেই শুধুমাত্র গাঁজাকে বিনোদনমূলক ব্যবহারের বৈধতা দেয়া হয়েছে। যদিও ওয়াশিংটনে এখনো খোলাখুলি ভাবে গাঁজা বিক্রি শুরু হয়নি। এজন্য ২০১৪ সালের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কুম্যোর পরিকল্পনা অনুযায়ী, নিউ ইয়র্কের ২০টি হাসপাতালকে ক্যান্সার, গ্লুকোমা বা এই ধরণের গুরুতর অসুখে ভুগতে থাকা রোগীদের চিকিৎসায় গাজা ব্যবহারের অনুমতি দেয়া হবে।
