আল-কায়েদাকে হঠাতে ফাল্লুজায় গোলাবর্ষণ
সুন্নি মুসলিম জঙ্গি ও উপজাতিদের কাছ থেকে পশ্চিমাঞ্চলীয় শহর ফাল্লুজার নিয়ন্ত্রণ নিতে সেখানে রাতভর গোলা ছুড়েছে ইরাকের সেনাবাহিনী। এতে অন্তত আটজন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির বিরোধিতা করে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি ও উপজাতি অস্ত্রধারীরা গত সোমবার থেকে আনবার প্রদেশের গুরুত্বপূর্ণ শহর ফাল্লুজার নিয়ন্ত্রণ নিয়ে আছে।
সেনাবাহিনীর গোলায় আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
ইরাক-সিরীয় সীমান্তে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়া সীমান্তবর্তী সুন্নি অধ্যুষিৎ আনবার প্রদেশে নিজেদের তৎপরতা বাড়িয়েছে আল-কায়েদার ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ত (আইএসআইএল)।
এদিকে আনবার প্রদেশের অন্যতম প্রধান শহর রামাদিতে আল-কায়েদা জঙ্গিদের হঠাতে সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে উপজাতিরা।
তবে সরকারবিরোধিতার জায়গা থেকে উপজাতিদের পাশে পাওয়ায় ফাল্লুজায় লড়াইয়ে সুবিধা পেয়েছে আল-কায়েদা জঙ্গিরা।
