২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কের মুখে বাড়ি নিয়ে সিদ্ধান্ত বদল কেজরিওয়ালের

বিতর্কের মুখে নয়া দিল্লির প্রাণ কেন্দ্রে নয় হাজার বর্গফুটের অভিজাত ডুপ্লেক্স বাড়িতে উঠার সিদ্ধান্ত বদলেছেন ভারতের আম আদমি পার্টির নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2014, 06:43 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

শনিবার ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে।

গত ২৮ ডিসেম্বর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর সরকারি বাংলো ও মন্ত্রীদের জন্য নির্ধারিত লাল বাতিওয়ালা গাড়ি ব্যবহার করবেন না বলে ঘোষণা দিয়ে সাড়া ফেলেন বিধান সভার নির্বাচনে চমক দেখানো আম আদমি পার্টির নেতা কেজরিওয়াল।

কিন্তু শুক্রবার গণমাধ্যমে তার নামে পাঁচ শয়নকক্ষের অভিজাত দুটি ফ্লাট বরাদ্দ হওয়ার এবং তার কয়েক মন্ত্রীর সরকারি গাড়ি নেয়ার খবর প্রকাশের পর তুমুল বিতর্ক শুরু হয়। এ নিয়ে বিধান সভার অধিবেশনে বিরোধী দল বিজেপির সাংসদদের প্রশ্নের মুখেও পড়তে হয় তাদের।

শনিবার সকালে কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, “আমার নতুন বাড়ি নিয়ে অনেক বিতর্ক উঠেছে। এ নিয়ে অনেক বন্ধু ও শুভানুধ্যায়ীর ফোন পেয়েছি। তাই আমি নতুন বাড়িতে না উঠার সিদ্ধান্ত নিয়েছি। আমি অন্য একটি ছোট বাড়ি চাইবো।”

দলের নেতাদের নিয়ে যাতে কোনো ধরনের সংশয় দেখা না দেয় সে বিষয়ে সচেষ্ট থাকারও ঘোষণা দেন তিনি।

পরে এক টুইটে তিনি বলেন, “দিল্লি সরকার আমার জন্য যে বাড়ি বরাদ্দ দিয়েছে তা দেখে অনেক সাধারণ সমর্থক কষ্ট পেয়েছেন। আমি সব সময় যেটা বলে এসেছি যে, আমি কেউ নই। আমি তাদের সেবার জন্য-আমার এই অবস্থান থেকেই তাদের মতকে গুরুত্ব দিয়ে দিল্লি সরকারকে বলবো একটি ছোট বাড়ি দেখতে।

“তবে বন্ধুরা আমার লাগোয়া দুটি বাড়ি লাগবে, যার একটি অফিস হিসেবে ব্যবহারের জন্য। তা না হলে আমি ঠিকমতো কাজ করতে পারবো না।”

শপথ নেয়ার পর থেকে দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদে নিজের অ্যাপার্টমেন্টে ছিলেন কেজরিওয়াল।

শুক্রবার কেজরিওয়াল বলেন, শিগগিরই তিনি ভগবান দাস রোডে পাঁচ শয়নকক্ষের ডুপ্লেক্স ভবনে উঠবেন। আগের মুখ্যমন্ত্রী শিলা দিক্ষীত যে বাংলোতে থাকতেন এটা ততোটা অভিজাত নয়।

এর পরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

কেজরিওয়ালের নামে লাগোয়া দুটি ডুপ্লেক্স বাড়ি বরাদ্দ দেয়া হয়, যার একটি অফিস হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন তিনি। অন্যটিতে পরিবার নিয়ে থাকার পরিকল্পনা ছিল। পরিবারের সদস্যরা এরইমধ্যে বাড়িটি ঘুরে দেখেন বলেও সংবাদ মাধ্যম জানায়।

দুর্নীতিবিরোধী লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে মাত্র এক বছর আগে রাজনীতির মাঠে আসা আম আদমি পার্টির নেতারা ক্ষমতায় গেলে সাধারণ মানুষের মতো জীবন-যাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভারতের রাজধানী থেকে ‘ভিআইপি’ সংস্কৃতিও তুলে দেয়ার ঘোষণা আসে তাদের কাছ থেকে।

কিন্তু ক্ষমতায় এসে প্রায় এক সপ্তাহ গণপরিবহনে চলাচলের পর শুক্রবার কেজরিওয়ালের কয়েক মন্ত্রীকে সরকারি বরাদ্দের ইনোভা গাড়িতে সচিবালয়ে আসতে দেখে অনেকেই বিস্মিত হন।

এর ব্যাখ্যায় কেজরিওয়াল বলেন, “গাড়ি ব্যবহার না করার বিষয়ে আমরা কখনোই কিছু বলিনি। আমরা বলেছি লাল বাতিওয়ালা গাড়ি ব্যবহার করবো না।”