২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহত ২

মিশরের রাজধানী কায়রোসহ অন্যান্য শহরে মুসলিম ব্রাদারহুডের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই বিক্ষোভকারী নিহত হয়েছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 09:58 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

ইসমাইলিয়া শহরের সুয়েজ ক্যানেলে এক বিক্ষোভকারী পুলিশের গুলিতে নিহত হয়। মসজিদে দুপুরের নামাজের পর বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ গুলি চালায়।

অন্যদিকে, কায়রোর দক্ষিণ-পশ্চিমে ফেউম পল্লী অঞ্চলে আরেক বিক্ষোভকারী মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

মিশরের সেনাবাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করে আসছে ইসলামপন্থিরা। মুরসির দল মুসলিম ব্রাদারহুড ও তার সমর্থকরা কায়রোসহ অন্যান্য শহরে প্রায় প্রতিদিনই বিক্ষোভ মিছিল করছে।

দেশটির সেনা-সমর্থিত সরকার গত মাসে ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার পরও দলটি বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

মিশরে নতুন সংবিধান প্রশ্নে ভোটের দু’সপ্তাহ আগে এ সহিংসতা হল।