আস্থা ভোটে কেজরিওয়ালের জয়
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিধানসভার আস্থা ভোটে জয়লাভ করেছেন। সভার ৭০ সদস্যের মধ্যে ৩৮ জন কেজরিওয়ালকে সমর্থন জানিয়ে তার পক্ষে ভোট দিয়েছেন, যা পরিষ্কারভাবে সংখ্যাগরিষ্ঠ।
বৃহস্পতিবার আস্থা ভোটে জয়ের পর সন্ধ্যায় আম আদমি পার্টির (এএপি) প্রধান কেজরিওয়াল এনডিটিভিকে বলেন, “আজ (বৃহস্পতিবার) দিল্লির জনগণের জয় হয়েছে।“
ভোটে কংগ্রেসের আটজন বিধায়ক, জনতা দল ইউনাইটেড সদস্য শোয়াইব ইকবাল এবং একজন স্বতন্ত্র সদস্য এএপি’র পক্ষে ভোট দেন বলে এনডিটিভি জানিয়েছে।
অন্যদিকে বিজেপির ৩১ জন বিধায়ক ও তাদের একজন মিত্র ‘দ্য একালি দল’ এএপি’র বিপক্ষে ভোট দেন।
২৮ জন সদস্য নিয়ে দিল্লির বিধানসভায় সংখ্যালঘু সরকার গঠন করেছেন কেজরিওয়াল।
নিজের ২৫ মিনিটের বক্তব্যে কেজরিওয়াল আরো বলেন, “আমি একটি সরকারকে বাঁচানোর জন্য এখানে দাঁড়াইনি। আমরা স্বরাজ চাই, আমরা দিল্লিতে জনগণের আইন চাই।”
বিধানসভায় ভোট শুরুর আগে কেজরিওয়াল তার সরকার যে ১৭টি বিষয়ে অধিক গুরুত্ব আরোপ করবে সেগুলো তুলে ধরেন। সেই সঙ্গে দুর্নীতি বন্ধে সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার করেন। বলেন, “কারণ আম আদমি বা সাধারণ জনগণ সৎ রাজনীতি দেখতে চায়।“
কেজরিওয়ালের বক্তব্য শেষ হওয়ার পরপরই বিধানসভার প্রধান কারা কারা কেজরিওয়ালকে সমর্থন করছেন তাদের উঠে দাঁড়াতে বলেন। এরপর তিনি ঘোষণা করেন, এএপি সরকার বিধানসভার আস্থা ভোটে জয়লাভ করেছে।
তবে ভোটের পর বিজেপি’র হার্শ বর্ধন অভিযোগ করেন কেজরিওয়াল তাদের কোনো প্রশ্নের উত্তর দেননি। তিনি বলেন, “এএপির মুখোশ খুলে গেছে। তারা দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গে হাত মিলিয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে।“
এদিকে কংগ্রেসের অরবিন্দর সিং লাভলি কেজরিওয়ালকে আশ্বস্ত করে বলেন, “যতদিন পর্যন্ত আপনি জনগণের সুবিধার কথা ভেবে সিদ্ধান্ত নেবেন ততদিন পর্যন্ত কংগ্রেস আপনাকে সমর্থন করবে।“
বিতর্ক চলাকালে বিজেপির বিধায়কেরা জনতা দল ইউনাইটেডের শোয়াইব ইকবালের সঙ্গে আপত্তিযোগ্য ভাষায় তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এর একপর্যায়ে বিধানসভার প্রধান কক্ষের ভেতরে নিরাপত্তাকর্মীদের ডাকবেন বলে তাদের সতর্ক করে দেন।
বৃহস্পতিবার কেজরিওয়াল ও তার আম আদমি পার্টির সদস্যরা তাদের ট্রেডমার্ক টুপি পরে বিধানসভায় যাননি।
বিজেপি’র পক্ষ থেকে বলা হয়েছিল, কক্ষের ভেতর টুপি পরা অসম্মানজনক।
শুক্রবার বিধানসভার স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। আম আদমি পার্টি প্রথমবারের মতো তাদের প্রার্থী হিসেবে এমএস ধি’র এর নাম প্রস্তাব করেছে। বিজেপি জানিয়েছে, তারা জগদিশ মুখির নাম প্রস্তাব করবে।
এ ব্যাপারে কেজরিওয়াল বলেন, “স্পিকার নির্বাচন আমাদের জন্য কোনো চ্যালেঞ্জ নয়। যে কেউ স্পিকার হতে পারেন। এটা আমাদের জন্য কোনো পার্থক্য বয়ে আনবে না।“
