হৃদযন্ত্রে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি মুশাররফ
পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফকে হৃদযন্ত্রের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবিসি জানায়, বৃহস্পতিবার রাষ্ট্রদ্রোহের মামলার হাজিরা দিতে আদালতে যাওয়ার পথে মুশাররফ বুক ব্যাথায় আক্রান্ত হলে তার গাড়ি বহরকে রাওয়ালপিন্ডির সামরিক বাহিনীর হৃদরোগ হাসপাতালে পাঠানো হয়। সেখানে করনারি কেয়ার ইউনিটে তিনি চিকিৎসা নিচ্ছেন।
২০০৭ সালে সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারির ঘটনায় মুশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।
বিচার চলাকালে এ নিয়ে তৃতীয়বারের মতো তিনি আদালতের শুনানিতে অনুপস্থিত থাকলেন।
এর আগে পর পর দুইবার নিরাপত্তাহীনতার আশঙ্কায় মুশাররফ আদালতে যেতে পারেননি বা যাননি।
সরকারী কর্মকর্তা বলেছেন, ৭০ বছর বয়সী মুশাররফ বুকে ব্যাথার কথা জানানোর পর তাকে হাসপাতালে নেয়া হয়। মুশাররফের এক সহযোগী দাবি করেছেন, তার অবস্থা খারাপ।
মুশাররফই পাকিস্তানের প্রথম কোনো সামরিক শাসক যাকে রাষ্ট্রদ্রোহ, হত্যা ও আদালতের কাজে অবৈধ হস্তক্ষেপের দায়ে বিচারের মুখোমুখী হতে হচ্ছে।
