উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ বাড়াতে চীনের দ্রুতগতির রেল
উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগ বাড়াতে দেশটির সীমান্ত পর্যন্ত উচ্চগতির রেলযোগাযোগ লাইন স্থাপন করতে যাচ্ছে চীন।
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছে, ২০১৫ সালের মধ্যে রেলযোগাযোগের এই পরিকল্পনা বাস্তবায়িত হবে।
পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে চীন এই পদক্ষেপ গ্রহণ করেছে।
২০১০ সাল থেকে এই রেললাইনটির কাজ চলছে। চীনের শেনিয়াং থেকে সীমান্তশহর ড্যানডং পর্যন্ত ১২৭ মাইল পর্যন্ত রেললাইন নির্মিত হচ্ছে। এরপরই ইয়ালূ নদী। সেটি পার হলেই উত্তর কোরিয়া। এই রেল লাইন স্থাপনের কাজ শেষ হলে সময় বাঁচবে আড়াই ঘণ্টা। অর্থাৎ এখন যেখানে সাড়ে ৩ ঘণ্টা লাগে তখন সেটি ১ ঘণ্টায় অতিক্রম করা সম্ভব হবে।
উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্যের প্রায় ৮০ ভাগই এই ড্যানডং আদানপ্রদান হয়। চীনা এই শহরের কাছেই উত্তর কোরিয়ার অর্থনৈতিক অঞ্চল হুয়াংগুম্পের অবস্থান।
