দক্ষিণ সুদানে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান হিল্ডে জনসন দেশটিতে লড়াইয়ের অবসান ঘটিয়ে শান্তি আলোচনাকে কাজে লাগানোর একটি সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়েছেন।
দক্ষিণ সুদান একটি ক্রান্তিকাল অতিক্রম করছে জানিয়ে তিনি বলেন, দেশটিকে এখনো বাঁচানো যেতে পারে।দক্ষিণ সুদানে গত মাসে লড়াই শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১ হাজার জন নিহত হয়েছে।মঙ্গলবার ইথিওপিয়ায় শান্তি আলোচনার জন্য দু’পক্ষই প্রতিনিধিদল পাঠিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।আলোচনার এ উদ্যোগের মধ্যেও বুধবার বোর শহরে প্রচণ্ড লড়াইয়ের খবর পাওয়া গেছে। প্রেসিডেন্ট সালভা কিরের সমর্থকদের সঙ্গে লড়াই করছে বিদ্রোহী নেতা রিক ম্যাকারের সমর্থকরা।দুই নেতার জাতিগত গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লড়াই চলছে। সহিংসতায় লিপ্ত হয়েছে দুপক্ষই।লড়াই অবসানের চেষ্টায় দুপক্ষের মধ্যে ইথিওপিয়ায় বুধ অথবা বৃহস্পতিবারে আলোচনা হওয়ার কথা আছে। ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল বুধবারই ইথিওপিয়ায় পাঠানোর কথা জানিয়েছেন সালভা কির।
