‘সিরিয়ায় নিহতের সংখ্যা এক লাখ ত্রিশ হাজার ছাড়িয়েছে’
সিরিয়ার গৃহযুদ্ধে নিহতের সংখ্যা অন্তত এক লাখ ৩০ হাজার ৪শ ৩৩ জন বলে দাবী করেছে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। নিহতদের মধ্যে এক তৃতীয়াংশ বেসামরিক নাগরিক বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার এক বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করেছে অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।ক্ষমতাসীন বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে সিরিয়ার ঘটনা শুরু হয়েছিল। গত চার দশক ধরে সংখ্যালঘু শিয়া মুসলিম সম্প্রদায়ের আলাউতি গোষ্ঠির প্রতিনিধি আসাদ পরিবার সংখ্যাগরিষ্ঠ সুন্নি দেশ সিরিয়া শাসন করে আসছে।২০১১ সালে মার্চে ‘আরব বসন্তের’ প্রভাবে আসাদ পরিবারের শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। কিন্তু নিষ্ঠুর দমননীতি পরিস্থিতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। তারপর থেকে গত প্রায় আড়াই বছর ধরে দেশটি প্রধানত শিয়া-সুন্নি সম্প্রদায়ের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে এবং দুপক্ষের মধ্যে তীব্র গৃহযুদ্ধ চলছে।মুসলিম ধর্মীয় সম্প্রদায়গত এই লড়াইয়ে প্রায় পুরো মধ্যপ্রাচ্য পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের সুন্নি ও শিয়া উভয়পক্ষের লোকজনই সিরিয়ার দুই বিবদমান পক্ষের হয়ে লড়াই করার জন্য দুই বিরোধী শিবিরে যোগ দিয়েছে।সংখ্যাগরিষ্ঠ সুন্নিদের বিদ্রোহী দলে প্রধানত সুন্নিরাই যোগ দিয়েছে, আর বিপরীতভাবে শিয়া সরকারের পক্ষে প্রধানত শিয়ারা।যুক্তরাজ্য ভিত্তিক আসাদ বিরোধী অবজারভেটরি জানিয়েছে, এ পর্যন্ত গৃহযুদ্ধে নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ১১ হাজার ৭শ’ নয় জন।সংস্থাটি আরো জানিয়েছে, আসাদ সরকারের সঙ্গে লড়াইরত বিদ্রোহী পক্ষে নিহতের সংখ্যা অন্তত ২৯ হাজার ৮৩ জনে এসে দাঁড়িয়েছে, আর সিরিয়ার সশস্ত্র বাহিনী ও আসাদের পক্ষে লড়াইরত সহযোগী বাহিনীগুলো পক্ষে নিহতের সংখ্যা অন্তত ৫২ হাজার ২শ’ ৯০ জন হবে।আসাদ পক্ষের নিহতদের মধ্যে মধ্যে লেবাননের শিয়া গোষ্ঠি হেজবুল্লাহর ২শ’ ৬২ জন সদস্য এবং সিরীয় নয় এমন ২শ’ ৮৬ জন শিয়া যোদ্ধা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।সরকারি কারাগারগুলোতে অন্তত ১৭ হাজার মানুষ আটক রয়েছে এবং ইসলামপন্থী বিদ্রোহীদের হাতে সরকার সমর্থক ছয় হাজারেরও বেশি মানুষ আটক রয়েছে বলে জানিয়েছে অবজারভেটরি।নিহত বেসামরিকা মানুষের প্রকৃত সংখ্যা ও কারাগারে আটকদের প্রকৃত সংখ্যা অন্তত ৫০ হাজারেরও বেশি হবে বলে মনে করে অবজারভেটরি। কিন্তু নিহত ও কারাগারে আটকদের পরিচয় লুকিয়ে ফেলার কারণে অথবা হারিয়ে যাওয়ার কারণে তাদের বিষয়গুলো হিসাবে ধরা যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।সিরিয়ার গৃহযুদ্ধে হতাহতের বিষয়ে নিয়মিত পরিসংখ্যান প্রকাশ করে না জাতিসংঘ। গত কয়েক মাস ধরে নিহতের সংখ্যা এক লাখেরও বেশি হবে বলে জানিয়ে আসছে বিশ্ব সংস্থাটি।
