দক্ষিণ সুদানে শান্তি আলোচনার পথে দু’পক্ষ
দক্ষিণ সুদানে বাড়তে থাকা লড়াইয়ের মধ্যে শান্তি আলোচনার জন্য উদ্যোগী হয়েছে সরকার এবং বিদ্রোহীরা।
ইথিওপিয়ায় শান্তি আলোচনার জন্য দু’পক্ষই মঙ্গলবার প্রতিনিধিদল পাঠিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আলোচনা শুরু হওয়ার কথা এদিনই।
বোর শহরের কেন্দ্রস্থলে মঙ্গলবার সকালে সরকারি বাহিনী ও বিদ্রোহী নেতা রিক ম্যাকারের অনুগত বাহিনীর মধ্যে তুমুল লড়াই হয়েছে।
এরই মধ্যে আলোচনার এ উদ্যোগ এল। দু’সপ্তাহ আগে দেশটিতে প্রেসিডেন্ট সালভা কির এবং বিদ্রোহী নেতা রিক ম্যাকারের বাহিনী সংঘাতে জড়িয়ে পড়ার পর দুপক্ষের মধ্যে প্রথম এ আলোচনা হতে চলেছে।
পশ্চিমা ও আঞ্চলিক দেশগুলো দক্ষিণ সুদানে লড়াই বন্ধের জন্য উভয়পক্ষকে চাপ দিয়ে আসছে।
ইথিওপিয়ার সরকার জানিয়েছে, ম্যাকার আলোচনায় বসতে রাজি হয়েছেন এবং তার প্রতিনিধিদলের মঙ্গলবারই আদ্দিস আবাবায় পৌঁছানোর কথা রয়েছে।
পূর্ব আফ্রিকান নেতাদের মধ্যস্থতার চেষ্টার পর এ আলোচনা হতে যাচ্ছে। আলোচনায় দুপক্ষ সহিংসতা বন্ধে চুক্তিতে পৌঁছতে পারে বলে আশা করছেন মধ্যস্থতাকারীরা।
তবে ম্যাকার বিবিসি কে বলেছেন, প্রতিবেশী দেশগুলোর যুদ্ধবিরতির দাবি মেনে নিতে তিনি এখনো প্রস্তুত নন।
দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির এবং ম্যাকারের প্রতিনিধিরা উত্তেজনা কমাতে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বৈঠকে বসবেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইথিওপিয়া সরকার।
দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রী বামাবা মারিয়াল বেঞ্জামিন রয়টার্সকে বলেছেন, “আমরা সেখানে যাচ্ছি”। তবে আলোচনায় বিদ্রোহী নেতা ম্যাকারের সঙ্গে প্রেসিডেন্ট কিরের ক্ষমতা ভাগাভাগি করতে রাজি হওয়ার কোনো সুযোগ নেই বলে জানান তিনি।
