জিনজিয়াংয়ে চীনা পুলিশের গুলিতে নিহত ৮
চীনের দূর পশ্চিমাংশের অস্থিরতা কবলিত অঞ্চল জিনজিয়াংয়ে “সন্ত্রাসী হামলা” চলাকালে পুলিশের গুলিতে ৮ ব্যক্তি নিহত হয়েছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটিতে চলতি মাসে এটি দ্বিতীয় সহিংসতার ঘটনা।
সোমবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জিনজিয়াং-এর আঞ্চলিক সরকার।দাপ্তরিক সংবাদ ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে তারা জানিয়েছে, জিনজিয়াংয়ের দক্ষিণে প্রাচীন সিল্ক রুটের পাশের শহরের কাছে ইয়ারকন্দ কাউন্টিতে হামলার ঘটনাটি ঘটেছে।“ভোর সাড়ে ছয়টার দিকে, ধারালো অস্ত্রে সজ্জিত ৯ জন ঠগী কাশগরের ইয়ারকন্দ কাউন্টির একটি থানায় হামলা চালায়। তারা বোমা নিক্ষেপ করে এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে।”“আত্মরক্ষার্থে পুলিশ যথাযথ পদক্ষেপ নিতে বাধ্য হয়, গুলি করে আটজনকে হত্যা করে এবং একজনকে পাকড়াও করে।”ঘটনাটিকে “সহিংস সন্ত্রাসী হামলা” অভিহিত করে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।চলতি মাসের প্রথমদিকে, কাশগরের কাছে এক রক্তক্ষয়ী দাঙ্গার সময় পুলিশের গুলিতে ১৪ জন নিহত হয়, পাশাপাশি দুই পুলিশ সদস্যও নিহত হয়।জিনজিয়াংয়ের মুসলিমরা প্রধানত তুর্কিভাষী উইগুর সম্প্রদায়ের মানুষ। এদের কেউ কেউ ‘জিহাদ’ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে চীনা কর্তৃপক্ষ।
