আলেপ্পোতে সরকারি বাহিনীর বোমা হামলায় নিহত ২৫
সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে সেনাবাহিনীর আকাশ হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ হামলায় বিশেষভাবে তৈরি “ব্যারেল বোমা” ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে সরকার বিরোধী একটি পর্যবেক্ষণকারী গোষ্ঠি।
শনিবার আলেপ্পোর একটি সব্জি বাজারের ওপর হামলাটি চালানো হয়।ইন্টারনেটে স্থানীয় মানবাধিকার গোষ্ঠি ইনসান রাইট ওয়াচের পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, পুড়ে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে ছিন্নবিচ্ছিন্ন লাশ বের করছেন স্থানীয় বাসিন্দারা।বোমার আঘাতে ক্ষতিগ্রস্থ একটি রাস্তা আশপাশের ভবনের ধ্বংস্তুপে ঢেকে গেছে, এরই মধ্যে একপাশে নিহতদের লাশ সারিদিয়ে রেখে দেয়া হয়েছে, আহতদের হাসপাতালে নিতে এক তরুণ চিৎকার করে গাড়ি আনতে বলছেন।তবে ভিডিওতে দেখানো ঘটনাগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবারের ব্যারেল বোমা হামলায় অন্তত চারটি শিশুসহ ২৫ জন নিহত হয়েছেন। ওই বোমার আঘাতে একটি হাসপাতালের কিছু অংশও বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠিটি।এ হামলায় আরো বহু আহত হয়েছেন এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তারা।সাম্প্রতিক সপ্তাহগুলোতে আলেপ্পো শহর ও এর আশপাশের এলাকায় চালানো আকাশ হামলায় কয়েশত মানুষ নিহত হয়েছেন বলে দাবী করেছে সরকার বিরোধী অবজারভেটরি।সিরীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের সবচেয়ে বড় শহর ও এক সময়ের গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র আলেপ্পোর অধিকাংশ স্থান দখল করে রাখা বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে তারা।যুক্তরাষ্ট্র ও মানবাধিকার সংস্থাগুলো ব্যারেল বোমা ব্যবহারের নিন্দা জানিয়েছে। বোমা হামলার ক্ষেত্রে এ বোমার ব্যবহারকে যথেচ্ছাচার বলে বর্ণনা করেছে তারা।তেলের ড্রাম বা সিলিন্ডারের মধ্যে বিস্ফোরক ও ধাতুর টুকরা ভরে ব্যারেল বোমা বানানো হয়। এগুলো কোনো নির্দিষ্ট লক্ষ্যস্থল ছাড়াই বিমান বা হেলিকপ্টারের মাল খালাসের জায়গা দিয়ে শত্রু এলাকায় ফেলে দেয়া হয়।ওদিকে, শুক্রবার রাজধানী দামেস্কের উত্তরে কুয়ালামউন পর্বতমালায় সেনাবাহিনীর এক চোরাগোপ্তা হামলায় অন্তত ৬০ জন নিহত হন। নিহতরা সবাই বিদ্রোহী বাহিনীর সদস্য বলে জানিয়েছে অবজারভেটরি।অপরদিকে নিহতদের বেসামরিক নাগরিক বলে দাবী করেছে সরকার বিরোধী সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন।গত দুই- আড়াই বছর ধরে চলা সিরিয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
