পদত্যাগ করবেন না তুর্কি প্রধানমন্ত্রী
দুর্নীতির অভিযোগে তার মন্ত্রিসভার তিনমন্ত্রী পদত্যাগে বাধ্য হলেও পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী রেসেপ তাইপ এরদোগান।
শনিবার এ খবর জানিয়েছে বিবিসি।বড় ধরনের দুর্নীতিবিরোধী তদন্তে আরো অনেকের সঙ্গে পদত্যাগী ওই তিনমন্ত্রীর ছেলেরাও ধরা পড়েছে।এমন অবস্থায় সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে বলে গুজব রটলে তা প্রত্যাখ্যান করে সেনাবাহিনী জানিয়েছে, তারা রাজনৈতিক বিতর্কে জড়াতে রাজি নয়।শুক্রবার ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস ছোড়ে। ইস্তাম্বুল ছাড়াও রাজধানী আঙ্কারা ও দেশটির তৃতীয় বৃহত্তম শহর ইজমিরেও বিক্ষোভ হয়েছে।বিক্ষোভকারীরা “চোরদের ধর” বলে স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী এরদোগানের পদত্যাগ দাবি করে।ইরানে অবৈধ টাকা পাচার ও নির্মাণ প্রকল্পে ঘুষ গ্রহণের অভিযোগের তদন্ত করছে পুলিশ। এই দুর্নীতি কেলেঙ্কারীতে ডলারের বিপরীতে তুর্কি লিরা নতুনভাবে সর্বনিম্ন পর্যায়ে এসে দাঁড়িয়েছে।
