আটক ৪ মার্কিন সেনাসদস্যকে ছেড়ে দিল লিবিয়া
সাময়িকভাবে আটক যুক্তরাষ্ট্রের চার সেনাসদস্যকে ছেড়ে দিয়েছে লিবীয় কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শুক্রবার এ তথ্য জানান বলে বিবিসি জানিয়েছে।লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে সাবরাথা নগর থেকে যুক্তরাষ্ট্রের ওই নাগরিকদের আটক করা হয়েছিল।সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দুইজন আমেরিকানের পাসপোর্ট ও দূতাবাসের পরিচয়পত্র দেখা যায়।সাবরাথা সামরিক কাউন্সিলের প্রধান বলেন, যুক্তরাষ্ট্রের সেনাসদস্যরা দুইটি গাড়িতে ভ্রমণ করার সময় একটি তল্লাশি চৌকিতে তাদের থামানো হয়।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র অধিদপ্তর থেকে শুক্রবার বিকালে জানানো হয়েছিল, ওই চারজনকে আটক করা হয়েছে।কিন্তু তার ঘন্টাখানেক পরই অজ্ঞাত পরিচয়ের কর্মকর্তারা জানান, তাদের ছেড়ে দেয়া হয়েছে।কেন ওই চারজনকে আটক করা হয়েছিল তা এখনো পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, তারা অস্ত্র এবং যোগাযোগের যন্ত্রপাতি বহন করছিল।গত বছর বেনগাজিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার পর থেকে লিবিয়ায় মার্কিন কূটনীতিকরা কড়া নিরাপত্তায় তাদের কার্যক্রম চালান। ওই হামলায় লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ আরো তিন জন আমেরিকান নিহত হন।কয়েকমাস ধরে বেনগাজির ভেতর ও এর চারপাশের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। প্রায় প্রতিদিনই জঙ্গিরা সেখানে হামলা করছে।
