চীনে এক সন্তান নীতি সহজ করার আনুষ্ঠানিকতা সম্পন্ন
চীনে এক সন্তান নীতি সহজ করার গৃহীত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে দেশটির সর্বোচ্চ আইন পরিষদ। এবার থেকে কোনো দম্পতির কেউ একজন তাদের বাবা-মায়ের এক সন্তান হলে ওই দম্পতি দুটি সন্তান নিতে পারবেন।
শনিবার চীনের রাষ্ট্রিয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।দেশটির জাতীয় জন কংগ্রেসের ছয়দিনের বৈঠকের শেষ দিনে কংগ্রেসের স্থায়ী কমিটি ওই সিদ্ধান্তটি অনুমোদন করে। এছাড়া শ্রম শিবিরের মাধ্যমে পুন-অধ্যায়ন বিলুপ্ত করার একটি প্রস্তাবও অনুমোদন করেছে স্থায়ী কমিটি।নভেম্বরে চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের এক বৈঠকের সময় এক সন্তাননীতিতে পরিবর্তন আনার ওই ঘোষণা দেয়া হয়েছিল।নতুন গৃহীত সিদ্ধান্তটি চীনের কয়েকটি জায়গায় এরই মধ্যে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। কিন্তু সিদ্ধান্তটি আইনে পরিণত হওয়ার জন্য আইন পরিষদের আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন ছিল।ব্যাপক জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে ১৯৭০ সালের শেষ দিকে এক সন্তান নীতি ঘোষণা করেছিল চীন।কিন্তু সম্প্রতিকালে নীতিটি অজনপ্রিয় হয়ে উঠছিল, আর এই নীতির ফলে দেশের বয়োবৃদ্ধ নির্ভরশীল মানুষের সংখ্যা বেড়ে গিয়ে কর্মক্ষম জনশক্তি কমিয়ে দিবে বলে আশঙ্কিত হয়ে উঠেছিলেন দেশটির নেতারা।আগামী ২০৫০ সালের মধ্যে দেশটিতে ৬৫ বছর বয়সী মানুষের সংখ্যা হবে মোট জনসংখ্যার ২৫ শতাংশেরও বেশি।এক সন্তান নীতিটি গৃহীত হওয়ার পর থেকে পুরো জাতিকে এটি মেনে চলতে বাধ্য করা হয়, তবে সংখ্যালঘু নৃতাত্ত্বিক গোষ্ঠিগুলোসহ কিছু কিছু ক্ষেত্র এই আইনের আওতা মুক্ত রাখা হয়।
