২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওকিনাওয়ায় মার্কিন ঘাঁটি স্থানান্তরের অনুমোদন

জাপানের ওকিনাওয়া দ্বীপের গভর্নর হিরোকাজু নাকাইমা সেখানকার ফুতেনমা মার্কিন বিমান ঘাঁটি ওই দ্বীপেরই কম জনবসতিপূর্ণ এলাকায় সরিয়ে নেয়ার বিতর্কিত পরিকল্পনা অনুমোদন করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2013, 08:26 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের অনুরোধে নতুন একটি জায়গায় মার্কিন ঘাঁটিটি স্থানান্তরের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। এ ঘাঁটি এখন স্থাপিত হবে নাগো শহরের কাছে হেনেকো উপকূলে।

নাকাইমার এ পদক্ষেপে ওকিনাওয়ায় মার্কিন ঘাঁটি কোথায় স্থানান্তর করা হবে তা নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হলেও দ্বীপটির স্থানীয় সরকার এ সিদ্ধান্তের বিরোধিতা করছে।

জনতাও ফুতেনমা ঘাঁটি নতুন জায়গায় স্থানান্তর করা নয় বরং এটি পুরোপুরি ওকিনাওয়া দ্বীপ থেকে সরিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছে। নাকাইমার সিদ্ধান্তের বিরুদ্ধে ওকিনাওয়া সরকারি ভবনের সামনে বিক্ষোভে জড়ো হয় প্রায় ২ হাজার মানুষ। এদের মধ্যে কয়েকশ’ মানুষ সেখানে অবস্থান ধর্মঘটও করে।

দ্বীপের গভর্নর মার্কিন বিমান ঘাঁটি বন্ধের প্রতিশ্রুতি দিয়েও এখন তা কেবলমাত্র স্থানান্তরের সিদ্ধান্ত নিচ্ছেন বলে অভিযোগ করছে বিক্ষোভকারীরা।

বিক্ষোভের মুখে ঘাঁটিটি ওকিনাওয়া থেকে পুরোপুরিভাবে অন্য কোথাও সরিয়ে দেয়ার চেষ্টা চলবে বলে আশ্বস্ত করেছেন নাকাইমা।

ওকিনাওয়ায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটির বিরুদ্ধে বহুদিন ধরেই প্রতিবাদ জানিয়ে আসছে স্থানীয় অধিবাসীরা।

সেখানে মোতায়েন মার্কিন সেনারা নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ার কারণে ঘাঁটিটি সরিয়ে দেয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওকিনাওয়ায় আমেরিকানদের আগ্রাসনের পর থেকেই দ্বীপটিতে রয়েছে মার্কিন বিমান ঘাঁটি।