নির্বাচনে সেনাবাহিনীর সাহায্য চায় থাই সরকার
থাইল্যান্ডের সরকার জানিয়েছে, ২ ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রার্থী ও ভোটারদের সুরক্ষায় সামরিক বাহিনীর সহায়তা চাওয়া হবে।
দেশটিতে নতুন করে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে অন্তত ২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার পর সরকার শুক্রবার এ পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত জানাল।
শনিবার নির্বাচনী প্রার্থীদের নাম নিবন্ধনের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে শনিবার সামরিক বাহিনীর প্রধানদের অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন থাই উপ প্রধানমন্ত্রী সুরাপং তোভিচাকচাইকুল।
তাছাড়া, ভোটের দিন যারা ভোট দিতে আসবে তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নিয়েও সেনাবাহিনীর সঙ্গে সরকার আলোচনা করবে বলে এক টিভি ঘোষণায় জানান তিনি।
সামরিক বাহিনীর সহায়তা চাওয়ার সরকারের এ পদক্ষেপে এটি স্পষ্ট যে, নির্বাচন অনুষ্ঠানে অটল রয়েছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। নির্বাচনে ইংলাকের পুয়ে থাই পার্টিই আবার জিতে ক্ষমতায় আসবে এটি একরকম নিশ্চিত।
নির্বাচনে দেরি হলে ইংলাক সরকার এবং তার দল আরো বড় ধরনের গণবিক্ষোভ ও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
বৃহস্পতিবার সরকার নির্বাচন কমিশনের ভোট পিছিয়ে দেয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে।
নির্বাচনে প্রার্থীদের নাম নিবন্ধন ঠেকাতে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষের পর নির্বাচন কমিশন ওই আহ্বান জানিয়েছিল।
এক বিবৃতিতে কমিশন সরকারের কাছে ভোট পিছিয়ে দেয়ার সুপারিশ করে।সব পক্ষ ভোট সমর্থন না করা পর্যন্ত তা অনুষ্ঠান করা ঠিক হবে না বলে জানায় কমিশন।
কিন্তু থাই সরকার নির্বাচন কমিশনের আহ্বান প্রত্যাখ্যান করে বলেছে, নির্বাচন কমিশন দাবি করছে নির্বাচন হলে সহিংসতা বাড়বে। কিন্তু সরকার মনে করছে, নির্বাচন করতে দেরি হলেই আরো বেশি সহিংসতা দেখা দেবে।
থাইল্যান্ডে চলমান বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সংসদ ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করেন। কিন্তু বিরোধীরা একটি গণপরিষদের অধীনে নির্বাচন চাইছে। দাবি পূরণ না হলে তারা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে তা প্রতিহত করার হুমকি দিয়েছে।
এ পরিস্থিতিতে রাজনৈতিক সঙ্কট নিরসনের চেষ্টায় বুধবার স্বাধীন সংস্কার পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছেন ইংলাক। কিন্তু তার এ প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। তাদের প্রধান দাবি এখন অবিলম্বে প্রধানমন্ত্রীর পদত্যাগ।
ইংলাক সিনাওয়াত্রা ২০১১ সালের নির্বাচনে জয়ী হয়ে দেশের ক্ষমতায় আসেন। কিন্তু ইংলাক তার ভাই ক্ষমতাচ্যুত ও নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কথায় দেশ পরিচালনা করছেন অভিযোগে তার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করছে বিরোধীরা।
